https://www.prothomalony.com/

18515

north-america

উত্তর আমেরিকা

সাংবাদিকতায় নতুন দিগন্তের প্রত্যয়ে লন্ডনে চ্যানেল এসের কর্মশালা ও মিলনমেলা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৮:০৯

পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটির প্রত্যাশা অনুযায়ী সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটেন ও ইউরোপের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল চ্যানেল এসের ‘কর্মশালা ও মিলনমেলা’।

মঙ্গলবার লন্ডনে চ্যানেল এসের স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা সরাসরি এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনলাইনে অংশ নেন।

চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে এবং হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সঞ্চালনায় কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ সংগ্রহ, উপস্থাপনা ও সম্প্রচারের মানোন্নয়ন নিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন আহমেদুস সামাদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী।

সাংবাদিকতায় নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন চ্যানেল এসের হেড অব নিউজ মিল্টন রহমান, নির্বাহী সম্পাদক মুশতাক বাবুল, জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, জ্যেষ্ঠ প্রযোজক আব্দুল আহাদ এবং সাংবাদিক হাসান রহমান।

ভিডিও সম্পাদনা, গ্রাফিকস ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার নিয়ে বিশেষ উপস্থাপনা দেন চ্যানেল এসের প্রযোজক মার্স শিপলু, গ্রাফিকস বিভাগের প্রধান এইচ এম মাহিদি এবং ডিজিটাল বিভাগের প্রধান আসাদুজ্জামান চৌধুরী জীবন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। পরে ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রতিনিধিদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি ও ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী।

পেশাগত প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনন্দঘন ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালা ও মিলনমেলার সমাপ্তি ঘটে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন