https://www.prothomalony.com/
18483
north-america
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০১:৪২
ঢাকা নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আন্তর্জাতিক মিলনমেলা ‘দ্বিতীয় গ্লোবাল কনভেনশন–২০২৬’ আগামী ৩১ অক্টোবর (শনিবার) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আরলিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ নটরডেম এলামনাই অব নর্থ আমেরিকা (BNDANA) এই সম্মেলনের আয়োজন করছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, কানাডা এবং বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে সম্মেলনে অংশ নেবেন। দীর্ঘদিনের বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পুনর্মিলন এবং কলেজজীবনের স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সম্মেলনটি অনুষ্ঠিত হবে ভার্জিনিয়ার আরলিংটন এলাকায় হিলটন হোটেলে।
‘পুরোনো সেই দিনের কথা’ স্মরণ করে প্রাক্তন সহপাঠীদের সঙ্গে আবারও মিলিত হওয়ার প্রত্যাশায় রয়েছেন অনেক নটরডেমিয়ান। আয়োজকদের পক্ষ থেকে এখনো নিবন্ধন সম্পন্ন করেননি—এমন আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন করে সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্বের যেকোনো দেশ থেকে আগ্রহীরা এতে অংশ নিতে পারবেন। নিবন্ধন ও অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্য আয়োজকদের নির্ধারিত লিংকে পাওয়া যাবে।
নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতায় বাংলাদেশে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মধ্যে অসহায় মানুষের জন্য পাকা বাড়ি নির্মাণ ও দান, চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্প উল্লেখযোগ্য।
আসন্ন সম্মেলনে বাংলাদেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও কী ধরনের কার্যক্রম হাতে নেওয়া যায়, তা নিয়েও আলোচনা ও পরিকল্পনা গ্রহণের উদ্যোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য জোরদার করার পাশাপাশি দেশের মানুষের জন্য সম্মিলিতভাবে কাজ করার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলনে নটরডেম কলেজের জনপ্রিয় পদার্থবিজ্ঞানের শিক্ষক সুশান্ত সরকারসহ বিশিষ্ট নটরডেমিয়ানদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করা, পুরোনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলা এবং ভবিষ্যতে মানবিক উদ্যোগে সম্মিলিত ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি চলছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন