https://www.prothomalony.com/

18416

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ‘সেলিম-আলী’ পরিষদের পক্ষে প্রবাসী চট্টগ্রামবাসীদের নির্বাচনী সভা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ০৬:১৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ইনক’-এর নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে প্রবাসের রাজনীতি। সংগঠনটির আগামী ২৫ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে 'সেলিম-আলী' পরিষদের পক্ষে এক বিশাল নির্বাচনী ও মতবিনিময় সভার আয়োজন করে 'প্রবাসী চট্টগ্রামবাসী, নিউ ইয়র্ক'। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জ্যামাইকার জেশন পার্টি হলে আয়োজিত এই বর্ণাঢ্য সমাবেশে কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসসহ নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে বিপুলসংখ্যক চট্টগ্রামবাসী ও সাধারণ ভোটার অংশ নেন।

চিটাগাং অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত প্রবাসীদের উদ্দেশে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী।

বক্তব্যে তারা প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটিকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। একই সঙ্গে প্রবাসীদের সুবিধার্থে ওয়ান-স্টপ সলিউশন সেবা প্রদান, নতুন আসা প্রবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতাবৃদ্ধিতে বিশেষ সহায়তা, নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে স্থায়ী কমিউনিটি সেন্টারে বড় পরিসরে কার্যক্রম পরিচালনা এবং প্রবীণ প্রবাসীদের সহায়তায় কাউন্সেলিং সেল গঠন করা হবে।

সমাবেশে চট্টগ্রাম সমিতির সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন সিরাজীসহ প্রবাসের শীর্ষ চট্টগ্রাম নেতারা সেলিম-আলী প্যানেলের বিগত দিনের কাজের প্রশংসা করেন। প্রবাসে বাঙালিদের ঐক্য সুসংহত রাখতে ও সোসাইটির ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে দল-মত নির্বিশেষে সেলিম-আলী পরিষদকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সেলিম-আলী পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা সরাসরি উপস্থিত থেকে উপস্থিত ভোটার ও প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মো. মহিউদ্দীন দেওয়ান, সহ-সভাপতি প্রার্থী মো. কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ প্রার্থী নওশাদ হায়দার ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী ডিউক খানসহ সম্পাদকীয় ও কার্যকরী সদস্য পদের সকল প্রার্থী সভায় বক্তব্য দেন ও সমর্থন কামনা করেন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি, চট্টগ্রাম সমিতি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ও বৃহত্তর কুমিল্লা সমিতিসহ নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন এবং নৈশভোজের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আয়োজনটি শেষ হয়।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন