https://www.prothomalony.com/
18381
new-york
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ১৩:২৮
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের উন্নয়ন, আর্থিক স্বচ্ছতা, সদস্যপদ ও ভোটার প্রক্রিয়ার সংস্কার এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন প্রার্থীরা।
গত বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট মিলনায়তনে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড আয়োজিত এ বিতর্ক অনুষ্ঠিত হয়। ‘নেতৃত্ব, স্বচ্ছতা, সেবা: আমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীন।
.jpg)
বিতর্কে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, ফিরোজ আহমেদ ও রাব্বি সৈয়দ অংশ নেন।
বিতর্কে সেলিম-আলী পরিষদের প্রার্থীরা সংগঠনের চলমান ও অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরেন। অন্যদিকে, কুনু-ফিরোজ পরিষদের পক্ষ থেকে সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোটার প্রক্রিয়ায় পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করা হয়।
সাধারণ সম্পাদক প্রার্থী রাব্বি সৈয়দ ভোটার প্রক্রিয়া ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের মানদণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, সদস্যপদ প্রক্রিয়া সহজ ও কার্যকর করা, ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং নতুন প্রজন্মকে সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়গুলো গুরুত্ব পায়। প্রার্থীরা সংগঠনকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
আয়োজকদের মতে, প্রার্থীদের একই মঞ্চে এনে তাদের পরিকল্পনা, নেতৃত্বের সক্ষমতা ও জবাবদিহির অবস্থান ভোটারদের সামনে তুলে ধরাই এ বিতর্কের মূল উদ্দেশ্য।
আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক সংস্কার ও কমিউনিটির কল্যাণে ভূমিকা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন