https://www.prothomalony.com/
18379
new-york
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ০৩:২২
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অভিভাবক সংগঠন 'বাংলাদেশ সোসাইটি ইনক' এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনকে ঘিরে বিগত মেয়াদের অর্জিত সাফল্য ধরে রাখা ও প্রবাসীদের অধিকার রক্ষার লক্ষ্যে গঠিত 'সেলিম-আলী' পরিষদের পক্ষে গণসমর্থন ও সংবর্ধনা সভার আয়োজন করেছে 'বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক'।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সেলিম-আলী পরিষদের পুরো প্যানেল সহ সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ ভোটার ও স্থানীয় প্রবাসীরা অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজক সংগঠন 'বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ'-এর সভাপতি শামীম হাসান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম তাদের বক্তব্যে সেলিম-আলী পরিষদকে সমর্থনের কারণ ব্যাখ্যা করেন। তারা বলেন, বাংলাদেশ সোসাইটি প্রবাসীদের ভরসার জায়গা। বিগত দিনে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কমিটি প্রবাসী বাঙালিদের আইনি সহায়তা, আবাসন সংকট নিরসন এবং নতুন প্রজন্মকে মূলধারায় যুক্ত করতে কার্যকর ভূমিকা রেখেছে। প্রবাসে নিজেদের ঐক্য বজায় রাখা ও চলমান উন্নয়ন কাজগুলো সফল করার স্বার্থে এই যোগ্য প্যানেলের বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী উপস্থিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুনরায় নির্বাচিত হলে তারা বাংলাদেশ সোসাইটিকে আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নতুন প্রবাসীদের কারিগরি দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে বিশেষ মেন্টরশিপ প্রোগ্রাম চালু এবং নিজস্ব ভবনে দেশীয় সংস্কৃতি চর্চার পরিসর বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবর্ধনা সভায় প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মো. মহিউদ্দীন দেওয়ান, সহ-সভাপতি পদপ্রার্থী মো. কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী হাসান খান, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এ এস এম মাইন উদ্দীন (বাবলু), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহনাজ হোসেন, এবং যুব ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন।
এছাড়া কার্যকরী সদস্য পদপ্রার্থী মো. উজ্জ্বল বিপুল, সারোয়ার খান বাবু, মো. এ মান্নান, শামীম আহমেদ, মো. আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান সংবর্ধিত হন।
অনুষ্ঠানে জ্যামাইকা নির্বাচন কমিটির সমন্বয়ক ও উপদেষ্টাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সহোরাব সরকার, এ বি এম ওসমান গনি, সিরাজুল ইসলাম লিপন, হাজী এনাম, মো. ফারুক হোসেন মজুমদার, জে মোল্লা সানি, জহিরুল ইসলাম, কাজী এম আর খান সেলিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালে গঠিত 'বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ' একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নিউ ইয়র্কে প্রবাসীদের সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
জমকালো এই আয়োজনটি আনন্দঘন পরিবেশে আলোচনা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন