https://www.prothomalony.com/

18402

north-america

উত্তর আমেরিকা

ফ্লোরিডায় খুলনা বিভাগের অধিবাসীদের আনন্দঘন পিকনিক ও মিলনমেলা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ০৬:১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে খুলনা বিভাগের অধিবাসীদের মিলনমেলা ও প্রথম বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ফ্লোরিডার ডিয়ারফিল্ড বিচের কোয়াইট ওয়াটার্স পার্কে ‘খুলনা ডিভিশন অব ফ্লোরিডা’র উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ফ্লোরিডার বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে এ মিলনমেলায় অংশ নেন।

দিনব্যাপী এ আয়োজনে ছিল নানা বৈচিত্র্যময় খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। বিশেষ করে নারীদের জন্য মিউজিক্যাল পিলো পাসিং এবং শিশুদের জন্য কুকিজ দৌড় প্রতিযোগিতা উপস্থিত সবাইকে আনন্দ জোগায়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠনের আহ্বায়ক মো. আখতারুজ্জামান পলাশ বলেন, "প্রবাসের মাটিতে খুলনা বিভাগের মানুষদের নিয়ে প্রথমবারের মতো এত বড় আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফ্লোরিডার বিভিন্ন অঞ্চলের বাংলাদেশিদের আতিথেয়তা দেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।"

আয়োজনের সফলতা নিয়ে কথা বলেন সংগঠনের সদস্যসচিব মো. আরিফুল ইসলাম (আরিফ)। তিনি জানান, আমন্ত্রণে সাড়া দিয়ে ফ্লোরিডার দূর-দূরান্ত থেকে এসে আয়োজনকে সাফল্যমণ্ডিত ও প্রাণবন্ত করার জন্য সবাইকে তারা আন্তরিক ধন্যবাদ জানান।

মধ্যাহ্নভোজ ও গল্প-আড্ডার পর্বে দীর্ঘদিনের পরিচিতদের পুনর্মিলন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এমন উদ্যোগ প্রবাসীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজক কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন