https://www.prothomalony.com/

18400

north-america

উত্তর আমেরিকা

ঢালিউড অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন ড্রামার ডি কিউ মিথুন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ০৪:৪৪

যুক্তরাষ্ট্রে যন্ত্রসংগীতে বিশেষ অবদান ও ড্রামসে অনন্য দক্ষতার স্বীকৃতি হিসেবে 'ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬'-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় ড্রামার মোহাম্মদ শাহাদাত ওসমান (ডি কিউ মিথুন)। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল চার্চ সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

শো টাইম মিউজিক আয়োজিত সাংস্কৃতিক অঙ্গনের এ আসরে চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান আনুষ্ঠানিকভাবে শিল্পী মিথুনের হাতে এ পুরস্কার তুলে দেন। প্রবাসের মাটিতে নিয়মিত ড্রাম বাজানোর মাধ্যমে প্রতিটি সংগীত পরিবেশনাকে প্রাণবন্ত রাখা এবং বাংলা গানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন। এর আগে গত ৩ অক্টোবর লং আইল্যান্ড সিটিতে প্রবাসীদের সংগঠন 'দ্য বিউটিফুল লেডিজ অব ইউএসএ'-র কনসার্টেও সংগীতপ্রেমী ও সহশিল্পীদের বিশেষ ভালোবাসায় সিক্ত হন এই বাদক।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ডি কিউ মিথুন বলেন, "সংগীত আমার দীর্ঘদিনের সাধনা ও ভালোবাসার জায়গা। প্রবাসের ব্যস্ত জীবনেও ড্রামের ছন্দে শ্রোতাদের আনন্দ দিতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা। ঢাকাই চলচ্চিত্রের প্রিয় মুখ অমিত হাসানের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এমন একটি স্বীকৃতি সংগীতে আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আয়োজক ও উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।"

এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে চলচ্চিত্র, সংগীত, ফ্যাশন ও সংস্কৃতির নানা শাখায় বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ এ আয়োজন তারকা ও দর্শকদের মিলনমেলায় পরিণত হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন