https://www.prothomalony.com/

18344

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি, কলকাতার শিল্পীদের নিয়ে জমবে এবারের আয়োজন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ০২:১৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মিশিগানের বিভিন্ন মন্দির ও সংগঠনের উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবারের পূজায় কলকাতাসহ ভারত থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা প্রবাসীদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

পূজার প্রায় এক মাস আগে থেকেই বিভিন্ন মন্দির ও সংগঠনে প্রস্তুতি শুরু হয়েছে। প্রবাসে সাধারণত পূজা তিথি অনুযায়ী কর্মদিবসে অনুষ্ঠিত হলেও সপ্তাহান্তে মূল উৎসব আয়োজন করা হয়। তবে এবার মিশিগানের বেশ কয়েকটি মন্দিরে তিথি অনুযায়ী পূজা ও উদযাপনের আয়োজন করা হয়েছে।

প্রবাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হয়ে ওঠে প্রবাসীদের মিলনমেলা। পূজাকে কেন্দ্র করে একে অন্যের সঙ্গে দেখা-সাক্ষাৎ, মতবিনিময় ও আনন্দ-উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা। আর এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। কে কার চেয়ে বৈচিত্র্যময় ও সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারে, তা নিয়ে মন্দির ও সংগঠনগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতার আবহ তৈরি হয়।

ইতোমধ্যে পূজার কেনাকাটাও শুরু হয়েছে। মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন বিভিন্ন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। অনেকে স্বজন ও পরিচিতদের পূজার পোশাক উপহার দিচ্ছেন। আবার কেউ কেউ বাংলাদেশ থেকে অনলাইনে পোশাক, অলংকার ও বিভিন্ন উপহারসামগ্রী আনাচ্ছেন। পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই কর্মস্থল থেকে ছুটি নিয়ে রেখেছেন।

প্রবাসে দুর্গাপূজাকে ঘিরে স্মরণিকা প্রকাশও এখন উৎসবের অন্যতম অংশ হয়ে উঠেছে। মিশিগানের বিভিন্ন মন্দির ও সংগঠন প্রতিবছর পূজা উপলক্ষে স্মরণিকা প্রকাশ করে থাকে। এসব প্রকাশনায় দেশ ও প্রবাসের লেখকদের গল্প, কবিতা, প্রবন্ধসহ বিভিন্ন লেখা স্থান পায়। চলতি বছরও বিভিন্ন মন্দির ও সংগঠনের উদ্যোগে পূজা মেলা ও ফেস্টসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরে এবার ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিথি অনুযায়ী পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ ও ২৫ অক্টোবর পূজা উদযাপনের জন্য বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। মায়ের বোধন, পূজা, অঞ্জলি, যজ্ঞ, প্রসাদ বিতরণ ও আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

১৮ অক্টোবর অষ্টমীর দিন ১০৮টি সদ্যফোটা পদ্মফুল ও ১০৮টি প্রদীপ জ্বালিয়ে সন্ধিপূজার আয়োজন করা হবে। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত কবিতা আবৃত্তি, গান, নৃত্য, গীতিনাট্য, ঐতিহ্যবাহী ধামাইল, কাঠি নাচ, অতিথি শিল্পীদের গান ও নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আরতির সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ। কলকাতা থেকে আগত শিল্পীরাও এসব অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রতিবারের মতো এবারও পার্থ দেবের সম্পাদনায় দুর্গা মন্দিরের নিয়মিত প্রকাশনা বহুবর্ণা ‘শারদ অর্ঘ্য’ প্রকাশিত হবে। মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবারের পূজায় বৈচিত্র্য আনার চেষ্টা করা হচ্ছে। প্রতিবছর মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হওয়ায় জায়গার সংকট দেখা দেয়। এবার মন্দিরের বাইরে ভক্তদের বসা ও খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হবে।

দুর্গা মন্দিরের ভাইস প্রেসিডেন্ট নিপেশ সূত্রধর জানান, এবার পূজার সময় আবহাওয়া ভালো থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিও বেশি হবে বলে তারা প্রত্যাশা করছেন। তিনি বলেন, দুর্গা মন্দির মিশিগান অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরোনো এবং একমাত্র সর্বজনীন মন্দির।

ওয়ারেন সিটিতে অবস্থিত শিব মন্দিরেও ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিদিন পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও আরতির পাশাপাশি থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা, গান, নাচ, গীতিআলেখ্য, নাটক ও ধামাইলের পাশাপাশি ভারত থেকে আগত অতিথি শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

ওয়ারেন সিটির মিশিগান কালীবাড়ীতেও ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও আরতির পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এবারের অনুষ্ঠানে ভারত থেকে দুজন অতিথি শিল্পী অংশ নেওয়ার কথা রয়েছে।

হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলেও ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা ও অঞ্জলির পাশাপাশি প্রসাদ বিতরণ, আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে মিশিগানপ্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে রচেস্টার হিলসে সদ্য প্রতিষ্ঠিত ওঁ শিবশক্তি-রাধামাধব মন্দিরে এবার প্রথমবারের মতো দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দুর্গাপূজাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে দুর্গাপ্রতিমা মন্দিরে পৌঁছে গেছে। ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী পূজায় পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সব মিলিয়ে মিশিগানে এবারের দুর্গোৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি শিল্পীদের পরিবেশনা, মেলা ও প্রবাসীদের মিলনমেলায় এবারের শারদীয় উৎসব আরও বর্ণিল হয়ে উঠবে বলে আয়োজকরা আশা করছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন