https://www.prothomalony.com/
18362
bangladesh
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ০৬:৩৮
এম ক্যাপিটালের মাধ্যমে প্রবাসীদের অর্থে দেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ তহবিলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আহসান এইচ মনসুর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৬ সেপ্টেম্বর ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর একান্ত সাক্ষাৎকারে প্রথম আলো উত্তর আমেরিকাকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানান তিনি।
ড. আহসান এইচ মনসুর বলেন, প্রবাসীদের যেসব সম্পদ দেশে আছে, বা তারা যেসব অর্থ দেশে আত্মীয় স্বজনদের কাছে পাঠাচ্ছে তার নিরাপদ বিনিয়োগ হচ্ছেনা। প্রবাসী বাংলাদেশিদের সঞ্চিত মূলধনকে দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে ১০০ কোটি মার্কিন ডলারের বিশেষায়িত তহবিল গঠনের কাজ শুরু করেছি। যার নাম দেয়া হয়েছে এম ক্যাপিটাল। এম ক্যাপিটাল হলো ম্যাস বা গণমানুষের ক্যাপিটাল। তহবিলটির মাধ্যমে প্রবাসীদের অর্থকে দীর্ঘমেয়াদি ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হবে।
তিনি আরও বলেন, অর্থ ছাড়াও বিভিন্ন খাতে স্কিলও বিনিয়োগ করা যেতে পারে। নন রেসিডেন্ট বাংলাদেশী যারা আছেন তারা যে খাতে অভিজ্ঞ দেশে তারা সেসব খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাদের স্কিল শেয়ার করতে পারে।
তহবিলের কাঠামো তুলে ধরে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থকে সরাসরি উৎপাদনশীল সম্পদে রূপান্তরের লক্ষ্যেই ১০০ কোটি ডলারের কাঠামোর অধীনে তিনটি পৃথক তহবিল গঠন করা হবে। এগুলো হলো আর্থিক সেবা তহবিল, সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা তহবিল এবং স্বাস্থ্যসেবা প্রভাব তহবিল।
তিনি জানান, প্রতিটি তহবিল দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। বিনিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন উপদেষ্টাদের তদারকি থাকবে। বিনিয়োগকারীদের অর্থের জন্য দুই বছরের লকইন সময়ও নির্ধারণ করা হবে। তহবিলের ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের এই বিনিয়োগ উদ্যোগের সঙ্গে যুক্ত করতে প্রায় ১০০টি প্রধান শহরে পৌঁছানোর লক্ষ্য নিয়েও কাজ করছে এম ক্যাপিটাল। প্রবাসীদের সঞ্চিত অর্থের পাশাপাশি তাদের বৈশ্বিক যোগাযোগ, দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতাকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আহসান এইচ মনসুর বলেন, প্রবাসীদের সঞ্চিত পুঁজি, বৈশ্বিক নেটওয়ার্ক ও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর এবং উচ্চমূল্যের বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যেই এই কার্যক্রম নেওয়া হয়েছে।
এম ক্যাপিটাল প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের অর্থ দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের লক্ষ্যে গঠিত একটি বিশেষায়িত বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় নিবন্ধিত রয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন