https://www.prothomalony.com/

18035

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে প্রাক্তন চবিয়ানদের পরিবার নিয়ে ক্রুজ ভ্রমণ

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ ০৬:০৪

যুক্তরাষ্ট্রের মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে প্রাক্তন চবিয়ানদের পরিবার নিয়ে আনন্দঘন ক্রুজ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট, রোববার ডেট্রয়েট নদীর বুকে আয়োজিত এ ভ্রমণে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

ক্রুজ চলাকালে ডেট্রয়েট নদীর দুই তীরজুড়ে যুক্তরাষ্ট্র ও কানাডার নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন অংশগ্রহণকারীরা। মনোরম পরিবেশ, আনন্দ-উচ্ছ্বাস ও জমজমাট আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাটানো জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন।

ক্রুজ চলাকালীন সংগঠনের সভাপতি কাজী এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দের সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন এবং নিজেদের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিচারণ করেন।


অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করেন সংগঠনের উপদেষ্টা সাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ মঈন। পরে অংশগ্রহণকারী সদস্যরা সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন।

পরিচয় পর্বে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে মো. কামরুল হাসান, এসএম হাসান ইকবাল, অরবিন্দু চৌধুরী মৃদুল ও সালাহউদ্দিন আহমেদ অংশ নেন।

এ ছাড়া কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে জিয়াউল আলম চৌধুরী, হোসাইন চৌধুরী, সালাহ উদ্দিন মুরাদ, মো. তাহলীল আজিম, রেজাউল চৌধুরী, রেজাউল আমিন, মোতাকাব্বির শাহিন, আহমেদুর রহমান, মাইকেল মহসিন, নুর উদ্দিন ও জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রাক্তন চবিয়ানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ও ঐতিহ্যের বন্ধন তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ ক্রুজ ভ্রমণ অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন