https://www.prothomalony.com/
18025
north-america
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ১৩:২৫
যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত এইচ-১বি ভিসায় নতুন করে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।
সোমবার প্রকাশিত একটি প্রস্তাবিত বিধিমালায় এ তথ্য উঠে এসেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি দক্ষ কর্মী নিয়োগ করতে চাইলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে এই বিপুল অঙ্কের অর্থ দিতে হবে।
প্রস্তাবিত বিধিমালায় বলা হয়েছে, এই ফি থেকে পাওয়া অর্থ বৈধ অভিবাসন ব্যবস্থা পরিচালনায় ব্যয় করা হবে। এর মধ্যে কেন্দ্রীয় অভিবাসন আদালত এবং ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) কার্যক্রমে অর্থায়নের বিষয়টিও রয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, এইচ-১বি কর্মসূচি ব্যবহার করে অনেক ক্ষেত্রে বিদেশি কর্মীদের মাধ্যমে মার্কিন নাগরিকদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাই কর্মসূচিটিতে কঠোরতা আনার অংশ হিসেবে উচ্চ ফি আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে একই ধরনের উচ্চ ফি আরোপের চেষ্টা করেছিল ট্রাম্প প্রশাসন। তবে আদালত সেই উদ্যোগ বাতিল করে দেয়। এবার আইনি বাধা কাটিয়ে নতুন প্রস্তাবের মাধ্যমে একই ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য দক্ষতাভিত্তিক খাতে বিদেশি কর্মীদের নিয়োগে যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন করে ১ লাখ ডলারের বেশি ফি আরোপ করা হলে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রস্তাবটি কার্যকর হলে বিশেষ করে প্রযুক্তি খাতসহ যেসব শিল্পে বিদেশি দক্ষ কর্মীর ওপর নির্ভরতা বেশি, সেসব প্রতিষ্ঠানে এর প্রভাব পড়তে পারে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন