https://www.prothomalony.com/

18007

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে দুই দিনব্যাপী বইমেলা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ০৩:১৪

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘মিশিগান বইমেলা’। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে ওয়ারেন শহরের টুয়েলভ মাইল রোডের ‘আনন্দ মঞ্চে’ সম্প্রতি এ মেলার আয়োজন করা হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন ডা. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিণী চিনু মৃধা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মেলার পর্দা নামে পরদিন রোববার (আগস্ট)।

বইমেলাকে ঘিরে ছিল প্রকাশকদের স্টল, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, ‘কবি ও কবিতার আসর’, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের স্থানীয় ও বাংলাদেশের একাধিক প্রকাশনা প্রতিষ্ঠান। মেলায় স্টল দেয় মুক্তধারা, প্রথমা, বর্ণমালা মিশিগান, অভ্র প্রকাশন, সাহিত্য পরিষদ, বুনন প্রকাশনসহ বেশ কিছু প্রতিষ্ঠান।

মেলার প্রথম দিনে গণিত অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাহিত্য আসর, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। গণিত অলিম্পিয়াড পরিচালনা করেন জাহেদ জিয়া। শামীম শহীদের উপস্থাপনায় সাহিত্য আসরে আলোচনায় অংশ নেন ডা. দেবাশীষ মৃধা, ড. জাকিরুল হক, ড. আহসান হাবীব, ড. সানাউল মোস্তফা ও ড. আসিফ সালাহউদ্দীন।

এ ছাড়া বিপ্লব করের পরিচালনায় মঞ্চস্থ হয় নৃত্যনাট্য ‘অক্ষর থেকে অঙ্গনে’। অনুষ্ঠানে কবি সঞ্জয় দেবের কাব্যগ্রন্থ ‘হৃদয়ের ব্যাকুল কথা’ এবং সাংবাদিক চিন্ময় আচার্যের গদ্যগ্রন্থ ‘স্মৃতির পথে ৪৮ বছর’ এর মোড়ক উন্মোচন করা হয়।

দ্বিতীয় দিন পরিবেশিত হয় ছন্দে-ছড়ায় অভিনয় এবং হারান কান্তি সেনের পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দম’। সঞ্জয় দেবের পরিচালনায় ‘কবি ও কবিতার আসরে’ কবিতা আবৃত্তি ও পাঠে অংশ নেন সুবিমল সেনাপতি, হারান কান্তি সেন, শামসাদ হুসাম, নারায়ণ গুপ্ত, ফাতেমা বেগম হোসেন, সঞ্জয় দেব, কল্যাণী দেব চৌধুরী, সেলিনা শিল্পী, শর্মিলা দেব, তন্ময় আচার্য, সিমা আহমেদ, শাহীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মৌসুমী চক্রবর্তী।

মেলা শেষে চিনু মৃধা জানান, এই আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে। মেলার সফল আয়োজনে সংশ্লিষ্ট সব কর্মী, সহযোগী ও দর্শকদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন