https://www.prothomalony.com/

17996

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ০৬:৩৭

নিউজার্সি স্টেটসের আটলান্টিক সিটিতে চেলসি ইডিসি ও বেঙ্গল ক্লাবের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠান।

বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, কমিউনিটি নেতা ও বিভিন্ন সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল আনন্দ-উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা।

আটলান্টিক সিটির টেক্সাস অ্যাভিনিউয়ের ফেয়ারমাউন্ট অংশ এ উপলক্ষে মানুষের মিলনমেলায় পরিণত হয়। বিকেল থেকেই শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ; সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, মতবিনিময় এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে তৈরি হয় এক উৎসবের আবহ।

উৎসবের পাশাপাশি আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ এলাকার প্রতি আরও দায়িত্বশীল করে তোলা। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সৌন্দর্যবর্ধন এবং প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, একটি সুন্দর ও নিরাপদ শহর গড়ে তুলতে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ। সেই লক্ষ্যেই ব্লকভিত্তিকভাবে বাসিন্দাদের একত্রিত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজনে ছিল নানা ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড। শিশুদের জন্য খেলাধুলার পাশাপাশি বড়দের জন্য ছিল আড্ডা, খাবার ও সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের পরিবেশনায় গান ও নাচে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এতে গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন সংগীতশিল্পী আসিফ আনোয়ার ও শারমিন তারা।

বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ছিল এই কর্মসূচির অন্যতম আকর্ষণ। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও পেশার মানুষ একই ছাতার নিচে এসে নিজেদের কমিউনিটিকে উদযাপন করেন। এর মধ্য দিয়েই উঠে আসে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক সুন্দর চিত্র।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন