https://www.prothomalony.com/
17997
north-america
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ০৬:৪১
যুক্তরাষ্ট্রে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান স্থগিত করে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন একটি ফেডারেল আদালত।
ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এই রায় দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে ক্ষমতার ভিত্তিতে এই নীতি কার্যকর করেছিলেন, তা তাঁর আইনগত ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গত জানুয়ারিতে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছিল। বিচারক ভার্গাস তাঁর রায়ে ওই নীতিকে “patently unlawful” বা স্পষ্টতই বেআইনি বলে উল্লেখ করেন।
রায়ে বলা হয়, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা প্রদান বন্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের মাধ্যমে অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নির্দিষ্টভাবে সীমিত করা হয়েছে।
এই নীতির আওতায় পড়েছিল দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান। তালিকায় ছিল ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশ; বসনিয়া ও আলবেনিয়ার মতো বলকান অঞ্চলের দেশ; পাশাপাশি আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের আরও বহু দেশ।
পররাষ্ট্র দপ্তর এর আগে যুক্তি দিয়েছিল, এসব দেশের আবেদনকারীদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি বিভিন্ন সহায়তা ও সম্পদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এই নীতির বিরুদ্ধে মামলা করেছিল অভিবাসী অধিকার সংগঠন Catholic Legal Immigration Network ও African Communities Together। মামলায় অভিবাসী ভিসার আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রের নাগরিক—যাঁরা তালিকাভুক্ত দেশগুলো থেকে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য স্পনসর করছিলেন—তাঁরাও যুক্ত ছিলেন।
বিচারক ভার্গাস সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত বিচারক।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় কঠোর নীতি গ্রহণ করেছেন। তাঁর প্রশাসনের ভাষ্য, এসব পদক্ষেপ দেশের নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনীয়। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলো বলছে, প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ নাগরিক অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন করছে এবং বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
রুবিওর দপ্তর শুক্রবারের আদালতের রায় নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এ রায়ের জেরে বাংলাদেশ থেকে অপেক্ষমান অভিবাসী ভিসায় অপেক্ষমান লোকজনের ভিসা প্রাপ্তির পথ খোলে যেতে পারে যদিনা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আপীল করে স্তগিতাদেশ না নেয়া হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন