https://www.prothomalony.com/
18005
north-america
আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশি স্থপতি, নগরবিদ, স্থাপত্য ইতিহাসবিদ, গবেষক ও লেখক ড. কাজী খালিদ আশরাফকে সম্মাননা জানিয়েছে ডেলাওয়ার ভ্যালির বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি।
২৩ আগস্ট রোববার ড্রেক্সেল হিলের শপ্তক কালচারাল সেন্টারে আয়োজিত এ সম্মাননা ও মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের স্থাপত্য, নগরায়ণ, ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশ এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ, ড. আশরাফের সহকর্মী, বন্ধু ও শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

অনুষ্ঠানে ড. কাজী খালিদ আশরাফ তাঁর স্থাপত্যচিন্তা, গবেষণা ও বাংলাদেশের নগর ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন। তিনি তরুণ স্থপতিদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষভাবে নদী, খাল, জলাভূমি ও পরিবেশকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দেন তিনি।
ড. আশরাফ বুয়েট থেকে স্থাপত্যে ডিগ্রি অর্জনের পর এমআইটি থেকে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পর ২০১৫ সালে বাংলাদেশে ফিরে স্থাপত্য ও নগর গবেষণায় সক্রিয় হন। বর্তমানে তিনি বেঙ্গল ইনস্টিটিউট অব আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ অ্যান্ড সেটেলমেন্টসের ডিরেক্টর জেনারেল।
তাঁর গবেষণা ও লেখালেখির মধ্যে বাংলাদেশের স্থাপত্য ইতিহাস, নগরায়ণ, পরিবেশ, মাজহারুল ইসলাম ও লুই কানসহ আধুনিক স্থাপত্যের বিভিন্ন বিষয় উল্লেখযোগ্য। স্থাপত্য-গবেষণায় অবদানের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন ডা. জিয়াউদ্দিন আহমেদ। সহযোগিতায় ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়ার ভ্যালি, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম পেনসিলভানিয়া এবং ফিলাডেলফিয়া পত্রিকা।
অনুষ্ঠানে ডা. জিয়াউদ্দিন আহমেদসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা মতবিনিময়ে অংশ নেন। শেষ পর্বে প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ তারেক ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী কাদের কিবরিয়ার সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকদের মতে, ড. কাজী খালিদ আশরাফকে সম্মাননা জানানোর পাশাপাশি এ আয়োজন প্রবাসী নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের স্থাপত্য, জ্ঞানচর্চা ও সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সংযোগ তৈরি করেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন