https://www.prothomalony.com/
17962
north-america
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ ১০:৪৬
যুক্তরাষ্ট্র থেকে ২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। আমেরিকান পাসপোর্টধারী এবং গ্রিনকার্ডধারী বিভিন্ন দেশের নাগরিকরা এখন হজের প্রাথমিক নিবন্ধন ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন বলে জানিয়েছে জমজম ট্রাভেল ইউএস।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ মাহবুব মুন্না জানান, বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ যেকোনো দেশের পাসপোর্টধারী যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দারা যুক্তরাষ্ট্র থেকে হজে গিয়ে পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন। এজন্য আগ্রহীদের দ্রুত নিবন্ধন করে প্রোফাইল যাচাই, ই-ওয়ালেট সক্রিয়সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, ২০২৭ সালের হজের জন্য নুসুকের প্যাকেজ এখনো ঘোষণা করা হয়নি। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য থেকে হজযাত্রীদের জন্য প্যাকেজ সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে ঘোষণা করা হতে পারে। তবে আগের বছরের প্যাকেজের ভিত্তিতে সম্ভাব্য খরচ ও সেবার ধরন সম্পর্কে জমজম ট্রাভেল ইউএস-এর কার্যালয় থেকে ধারণা নেওয়া যাবে।
তাওহিদ মাহবুব মুন্না বলেন, যুক্তরাষ্ট্র থেকে হজযাত্রীদের জন্য সাধারণত স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ও লাক্সারি—এই তিন ধরনের প্যাকেজ থাকে। এর পাশাপাশি রয়েছে এলিট প্যাকেজ। বয়স্ক কিংবা শারীরিকভাবে চলাফেরায় অসুবিধা রয়েছে এমন হজযাত্রীদের জন্য এলিট প্যাকেজে বাড়তি সুবিধার ব্যবস্থা থাকে। প্রয়োজন ও সেবার ধরন অনুযায়ী এই প্যাকেজের খরচও বেশি হতে পারে।
তিনি আরও বলেন, হজ একটি শারীরিক ও মানসিক ধৈর্যের ইবাদত। হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় দীর্ঘ সময় হাঁটাচলা করতে হয়। তাই হজে যাওয়ার আগে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। শারীরিকভাবে চলাফেরায় অক্ষম হজযাত্রীদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থাও রয়েছে।
জমজম ট্রাভেল ইউএস জানিয়েছে, নিবন্ধনের পর হজযাত্রীদের ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, নিয়মিত ওয়েবিনার এবং হজের আগে বিশেষ সেমিনারের মাধ্যমে হজের প্রস্তুতি, করণীয় ও আনুষ্ঠানিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে যাওয়া প্রতি ৪০ জন হজযাত্রীর জন্য একজন করে বাংলা ভাষাভাষী গাইড দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান তাওহিদ মাহবুব মুন্না। এসব গাইড হজযাত্রীদের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা করবেন।
জমজম ট্রাভেল ইউএস জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইথরা আলখাইর ও রাওয়াফ মিনা’র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে হজ ও ওমরাহ সেবা দিচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির অন্যান্য সেবার মধ্যে রয়েছে ফ্লাইট টিকিট এবং বিশ্বব্যাপী ভিসা সেবা।
হজ নিবন্ধনের জন্য জমজম ট্রাভেল ইউএস’র কার্যালয় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজায় অবস্থিত। অনলাইনেও নিবন্ধনের সুযোগ রয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন