https://www.prothomalony.com/

17979

north-america

উত্তর আমেরিকা

‘মেডিকেয়ার ফর অল’ নিয়ে জেফ্রিসের আপত্তি, প্রগতিশীল ডেমোক্র্যাটদের সমালোচনা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ০৫:২৬

যুক্তরাষ্ট্রে সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘মেডিকেয়ার ফর অল’-এর প্রতি সমর্থন না দেওয়ার অবস্থান স্পষ্ট করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস। নিউইয়র্কের ডেমোক্র্যাট এই নেতা বলেছেন, আগামী নভেম্বরের নির্বাচনে হাউসে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার লড়াইয়ে দলের অগ্রাধিকার হওয়া উচিত সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী করা।

সম্প্রতি ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জেফ্রিস বলেন, অতীতে কংগ্রেসে উত্থাপিত ‘মেডিকেয়ার ফর অল’ বিলের সহ-উদ্যোক্তা তিনি ছিলেন না। বরং বিদ্যমান স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা দূর করে সেটিকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

জেফ্রিস বলেন, ভেঙে পড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কীভাবে সংস্কার করা যায়, সেটি খুঁজে বের করতে হবে এবং বর্তমান সমস্যাগুলো সমাধানের পর আরও ভালো ব্যবস্থা গড়ে তুলতে হবে।

নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকা (ডিএসএ) দাবি করেছে, ২০১৯ সালে তাদের দীর্ঘ প্রচারণার চাপে জেফ্রিস ‘মেডিকেয়ার ফর অল’-এর প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে একই সময়ে তিনি ‘মেডিকেয়ার এক্স’ নামে একটি পাবলিক-অপশন বিলও সমর্থন করায় ডিএসএ তার অবস্থানকে শর্তসাপেক্ষ হিসেবে দেখেছিল।

সম্প্রতি ডিএসএর প্রকাশিত কর্মসূচিতে সর্বজনীন স্বাস্থ্যসেবার পাশাপাশি আইসিই বিলুপ্তি, সিনেট বাতিল, প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের ক্ষমতা কংগ্রেসের অধীন করা এবং পুলিশ ও কারাগার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিও রয়েছে।

জেফ্রিস স্পষ্ট করে বলেছেন, ডিএসএর ঘোষিত এজেন্ডার সঙ্গে তিনি একমত নন। তবে বিভিন্ন মতাদর্শের ডেমোক্র্যাট প্রার্থীদের নিয়ে হাউসে একটি বিস্তৃত ককাস গঠনের বিষয়ে তিনি আশাবাদী।

জেফ্রিসের অবস্থানের সমালোচনা করেছেন দলের প্রগতিশীল নেতারা। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না বলেন, ‘মেডিকেয়ার ফর অল’ দলের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত। ডেমোক্র্যাটরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেলে এ বিষয়ে কংগ্রেসে সরাসরি ভোটেরও দাবি জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষক মেহেদি হাসানও সামাজিক যোগাযোগমাধ্যমে জেফ্রিসের অবস্থানের সমালোচনা করে দাবি করেছেন, ডেমোক্র্যাটদের বড় একটি অংশ ‘মেডিকেয়ার ফর অল’-এর পক্ষে থাকায় জেফ্রিস এ ইস্যুতে দলের প্রগতিশীল অংশ থেকে দূরে সরে যাচ্ছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন