https://www.prothomalony.com/
17976
new-york
নিউইয়র্কের মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় আয়োজিত মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ, কোরআনের নির্দেশনা অনুসরণ এবং ইসলামী আদর্শে জীবন গঠনের ওপর আলোচনা করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘এখন সময়’-এর সম্পাদক ও প্রবীণ সাংবাদিক কাজী সামছুল হক। কোরআন তেলাওয়াত করেন হামিমুর রহমান হামিম। অনুষ্ঠান পরিচালনা করেন মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসের সেক্রেটারি কায়কোবাদ কবির।
প্রধান অতিথি মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আল্লাহর বিধান ও নির্দেশনা অনুসরণ করে জীবন পরিচালনা করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কোরআনের আলোকে জীবন গঠন এবং আখিরাতে মুক্তির জন্য ইসলামী আদর্শ অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক বাংলাদেশ লইয়ার্সের সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের মহানবী (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। ব্যক্তি ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।
এ ছাড়া বক্তব্য দেন মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসের ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান সিরাজী। তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং আল্লাহর হুকুম-আহকাম মেনে চলার আহ্বান জানান।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস চ্যাপ্টারের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম, এলমহার্স্ট চ্যাপ্টারের সভাপতি নাসির উদ্দিনসহ মুনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।
সমাপনী বক্তব্যে সভাপতি কাজী সামছুল হক মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন