https://www.prothomalony.com/
17928
new-york
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। এ সময় নির্বাচন কমিশনের সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দীন আজাদ, আহবাব চৌধুরী খোকন, রুহুল আমিন সরকার, মিয়া মোহাম্মদ দুলাল ও মিঠু হামিদ উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে ৫০০ ডলারের বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ আগস্ট। ওই দিন বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উডসাইডের কুইন্স প্যালেসে মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
৩১ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন নিয়ে আপিলের সুযোগ থাকবে ২ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত জামানত দিতে হবে। সভাপতি পদে ৬ হাজার ডলার, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫ হাজার ডলার, সহসভাপতি পদে ৪ হাজার ৫০০ ডলার, সহসাধারণ সম্পাদক পদে ৩ হাজার ২০০ ডলার, কোষাধ্যক্ষ পদে ৩ হাজার ডলার, সাংগঠনিক সম্পাদক পদে ২ হাজার ৫০০ ডলার এবং অন্যান্য পদে ২ হাজার ডলার করে জামানত নির্ধারণ করা হয়েছে। সদস্য পদে জামানত ১ হাজার ৫০০ ডলার। এসব অর্থ ফেরতযোগ্য নয়।
প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, ভোটার সংখ্যার দিক থেকে এবারের নির্বাচন বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সবচেয়ে বড় হতে যাচ্ছে। বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ৩৫ হাজার ৩২১ জন। তবে ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি। সংশোধনের জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় নেওয়া হয়েছে।
তিনি জানান, এবার পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভোটারদের নিজ নিজ নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক—‘নো আইডি, নো ভোট’ নীতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য প্রাথমিকভাবে ২ লাখ ৬০ হাজার ডলারের বাজেট নির্ধারণ করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এর মধ্যে শুধু ভোটগ্রহণের মেশিন বাবদ প্রায় ৯০ হাজার ডলার ব্যয় হবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ওসমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ রাব্বী।
একটি প্যানেলে সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী এবং সহসভাপতি পদে কামরুজ্জামান কামরুল নেতৃত্ব দিচ্ছেন। অন্য প্যানেলে সভাপতি পদে আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ, সিনিয়র সহসভাপতি পদে দুলাল বেহেদু এবং সহসভাপতি পদে কালাম ভূঁইয়া রয়েছেন।
দুটি প্যানেলই ইতোমধ্যে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। ফলে ১৮ অক্টোবরের নির্বাচনকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন