https://www.prothomalony.com/

17921

north-america

উত্তর আমেরিকা

ফ্লোরিডায় এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ০৩:২০

ফ্লোরিডার করাল স্প্রিংসের এক জমকালো সন্ধ্যায় উন্মোচিত হলো এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬-এর নতুন অধ্যায়। ব্যবসায়ী, উদ্যোক্তা, সমাজসেবী, কমিউনিটি নেতা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা আয়োজিত এক্সিকিউটিভ গালা ও অ্যানাউন্সমেন্ট ডিনারে আগামী বছরের ৩১তম বহুজাতিক সাংস্কৃতিক মেলা ও ট্রেড ফেয়ারের তারিখ, প্রতিপাদ্য ও সার্বিক পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

করাল স্প্রিংসের লা কুইন্টা হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে তিন শতাধিক আমন্ত্রিত অতিথি অংশ নেন। অনুষ্ঠানে গত বছরের ফেস্টিভ্যালের সাফল্যের স্মৃতিচারণের পাশাপাশি আগামী বছরের আরও বড় পরিসরের আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়।

আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৬, শনিবার ও রবিবার, পেমব্রোক পাইনসের চার্লস এফ. ডজ সিটি সেন্টারে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬।

এবারের উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “ঐতিহ্যে আমাদের শিকড়, ভবিষ্যতে আমাদের নজর”।

তিন দশকের ঐতিহ্য বহনকারী এই আয়োজন ফ্লোরিডায় এশীয় সংস্কৃতি, ব্যবসা ও কমিউনিটির মধ্যে যোগাযোগ ও সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আয়োজকদের প্রত্যাশা, এবারের উৎসব হবে আগের যেকোনো সময়ের চেয়ে আরও বর্ণাঢ্য ও বিস্তৃত।

অনুষ্ঠানের শুরুতে গত বছরের ফেস্টিভ্যালের সাফল্য তুলে ধরা হয় এবং আয়োজনে যুক্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। গত বছরের ফেস্টিভ্যাল কমিটির পক্ষে বক্তব্য দেন কনভেনার নাঈম খান দাদন, চেয়ারম্যান সাইফুল ইসলাম বুলবুল এবং সদস্যসচিব মো. আকরাম হোসেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

২০২৬ সালের ফেস্টিভ্যাল কমিটির কনভেনার আওয়াল দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ এবং মহাসচিব এম কে আলম যৌথভাবে আগামী আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা জানান, এবারের উৎসবকে শুধু সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবসা, সংস্কৃতি, সামাজিক সম্পৃক্ততা ও পারস্পরিক যোগাযোগের একটি বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এবিএম গোলাম মোস্তফা বলেন, “এশিয়ান ফেস্টিভ্যাল কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি আমাদের ঐতিহ্য রক্ষা, তরুণ প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং ফ্লোরিডায় এশিয়ান কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিক ঐক্যের একটি বিশাল প্ল্যাটফর্ম। ২০২৬ সালের উৎসবটি এ যাবৎকালের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন হতে যাচ্ছে।”

অনুষ্ঠানে এবিএম গোলাম মোস্তফার সঞ্চালনা ও ধারাবর্ণনায় একটি বিশেষ ডিজিটাল ভিডিওচিত্রের মাধ্যমে ২০২৬ সালের ফেস্টিভ্যালের সার্বিক পরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।

ফেস্টিভ্যালে থাকছে ট্রেড ফেয়ার ও বিজনেস এক্সপো। দেশি-বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণও থাকবে।

এশীয় খাবারের বৈচিত্র্য তুলে ধরতে থাকবে বিশেষ ফুড ফেস্টিভ্যাল। বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি থাকবে নানা ধরনের খাদ্যপণ্যের স্টল। শিক্ষা, ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি দিতে থাকবে কমিউনিটি অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে ‘নারী ফ্লোরিডা’, ‘মায়ামি বৈশাখী মেলা’, ‘একতারা ফ্লোরিডা’, ‘বাংলা ক্লাব অব ফ্লোরিডা’ ও ‘ঢাকা ক্লাব অব ফ্লোরিডা’-সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা এ আয়োজনকে সফল করতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ হারুন, মো. হাবিবুল্লাহ, মোহাম্মদ শাহেদ, রেজা ইসলাম, মোহাম্মদ খোরশেদ, অসীম রয়, তানভীর আহমেদ, আজম হাকিম, মোরশেদ কালাম, রাশেদ কালাম, মোহাম্মদ জাকারিয়া জিতু, মোলশারী খানম, শামসুন্নাহার, তৌহিদুল আলম টিটু, রাশিদ চৌধুরী টিটু ও আবু নাসের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

সম্মানিত অতিথিদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল ওয়াহেদ মাহফুজ, আতিকুর রহমান আতিক, ড. সালাউদ্দিন আহমেদ, ইমতিয়াজ আহমেদ, ব্রাওয়ার্ড কাউন্টির সাবেক মেয়র ডেল হোলনেস, মঞ্জুর শাহিন ও কোবির চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৮০ সদস্যের এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান সমন্বয়ক টিটন মালিক এবং সমন্বয়ক ইমন করিম আগামী ২৬ ও ২৭ ডিসেম্বরের আয়োজনে প্রবাসী বাংলাদেশিসহ এশীয় কমিউনিটির সবাইকে সপরিবারে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন মোহাম্মদ কে. জামান বাবু ও রোজিনা করিম। শিশুশিল্পী ত্রিদিবও অংশ নেয় সাংস্কৃতিক পর্বে। পরে অতিথিরা নৈশভোজে অংশ নেন।

আয়োজকদের মতে, এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ ফ্লোরিডার বহুজাতিক সমাজে এশীয় ঐতিহ্য, সংস্কৃতি, ব্যবসা ও পারস্পরিক সম্প্রীতির একটি বড় মঞ্চ হয়ে উঠবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে নিজেদের সাংস্কৃতিক শিকড় তুলে ধরার এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে যোগাযোগ

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন