https://www.prothomalony.com/
17806
north-america
প্রবাসের কর্মব্যস্ত জীবনের কোলাহল পেরিয়ে বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখতে ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেল ‘চট্টগ্রাম সমিতি নিউ জার্সি’র বার্ষিক জমজমাট বনভোজন। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
.jpg)
বুধবার (২৯ জুলাই) নিউ জার্সির কেপ মে কাউন্টি পার্কে এই আনন্দঘন বনভোজনের আয়োজন করা হয়। শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে দিনটি কাটিয়েছেন হাসি, গল্প ও নানা আয়োজনের মধ্য দিয়ে। অনূকুল আবহাওয়ায় সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা আর বিকেলের স্নিগ্ধতায় প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো আয়োজন স্মরণীয় হয়ে ওঠে।
দিনব্যাপী এ বনভোজনে শিশু, পুরুষ ও নারীদের জন্য রাখা হয় আনন্দদায়ক নানা খেলাধুলা। ছোটদের দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে নারীদের ঐতিহ্যবাহী বালিশ খেলা; সব আয়োজনেই ছিল প্রাণের ছোঁয়া। খেলাধুলার পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশন করা হয় নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় খাবার, যা উপস্থিত সবার মধ্যে এক আনন্দের আমেজ সৃষ্টি করে। এছাড়া প্রবাসে বেড়ে ওঠা চট্টগ্রাম সমিতির কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

দুপুরের খাবার ও খেলাধুলা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এ পর্বে স্থানীয় ও জনপ্রিয় শিল্পী জলি দাশ, নীলাদ্রি চৌধুরী, জয়ন্ত সিনহা ও স্বপন দাশ একের পর এক গান পরিবেশন করে পুরো পার্ক মাতিয়ে রাখেন। তাদের মনোমুগ্ধকর পারফর্ম্যান্স প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরে।

বনভোজনে আগত অতিথিরা প্রবাসে এ ধরনের চমৎকার মিলনমেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ জাতীয় উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবদুর রফিক, মনজুরুল হক, নূর মোহাম্মাদ, বিপ্লব দাশ ও মো. কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রাম সমিতি নিউ জার্সির পক্ষ থেকে আবদুর রফিক বনভোজন সফল করায় সব আয়োজক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন