https://www.prothomalony.com/

17804

north-america

উত্তর আমেরিকা

পশ্চিম ভার্জিনিয়ার ‘নতুন বৃন্দাবনে’ নিউজার্সির প্রবাসীদের তীর্থযাত্রা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ০৬:০৫

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টিতে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের তিন দিনব্যাপী তীর্থযাত্রা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ জুলাই) ওয়েস্ট ভার্জিনিয়ার (পশ্চিম ভার্জিনিয়া) মার্শাল কাউন্টিতে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় তীর্থস্থান ‘নতুন বৃন্দাবন’ পরিদর্শনের মধ্য দিয়ে এই যাত্রা শেষ হয়।

সকালে বৈদিক মন্ত্রোচ্চারণ ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে পুণ্যার্থীরা নিউজার্সি থেকে নতুন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে ভক্তরা জপমালা, ভজন এবং হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন। পুণ্যার্থীদের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ ধ্বনিতে এক বিশেষ আত্মিক আবহ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, প্রকৃতির মনোরম পরিবেশে প্রায় তিন হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত ধর্মীয় পীঠস্থান ‘নতুন বৃন্দাবনে’ পুণ্যার্থীরা মূলত আত্মিক শান্তি ও অমৃতের সন্ধানে সমবেত হয়েছিলেন। সেখানে অবস্থানকালে তারা নিয়মিত পূজার্চনা, ভজন-কীর্তন, মালা জপ, পরিভ্রমণ এবং প্রসাদ গ্রহণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

তীর্থযাত্রার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানের অন্যতম আয়োজক এবং আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার বলেন, “তীর্থ পরিক্রমা পুণ্য অর্জনের অন্যতম মাধ্যম। হৃদয়ে ধর্মীয় চেতনার বিকাশ ঘটলে মানুষের মাঝে নৈতিকতার বহিঃপ্রকাশ ঘটে, যা সমাজ ও পরিবারকে সুসংগঠিত করে। সামাজিক ও মানবিক উন্নয়নের তাগিদ থেকেই আমরা নিয়মিত এ ধরণের তীর্থভ্রমণের আয়োজন করে থাকি।”

তিন দিনের অনুষ্ঠানমালা শেষে বুধবার পুণ্যার্থীরা নিউজার্সিতে ফিরে আসেন। এর আগে বুধবার সকালে নতুন বৃন্দাবনের ব্রহ্মচারী শুভানন্দ দাশ তীর্থযাত্রীদের শুভকামনা জানিয়ে বিদায় সম্ভাষণ জানান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন