https://www.prothomalony.com/
17805
north-america
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ০৬:০৮
আনন্দমুখর পরিবেশ ও হরেক রকম আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফেঞ্চুগঞ্জ সোসাইটি’র বার্ষিক বনভোজন। রোববার (২৬ জুলাই) সেন্টার লাইন সিটির মেমোরিয়াল পার্কে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রবাসের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে মিশিগান প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীসহ বিপুলসংখ্যক প্রবাসী এতে অংশ নেন।
বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা আহবাব চৌধুরী এবং ভার্জিনিয়া থেকে আসা কমিউনিটি নেতা খায়রুল খান। পরে ফেঞ্চুগঞ্জ সোসাইটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পুরো আয়োজনটি যৌথভাবে সঞ্চালনা করেন বাবুল মিয়া সোহেল ও সাংবাদিক জুয়েল খান। দিনভর নানা বয়সের নারী, পুরুষ ও শিশুদের পদচারণায় মুখরিত ছিল দৃষ্টিনন্দন মেমোরিয়াল পার্কটি।
উৎসবকে আরও জমজমাট করতে নারী ও শিশুদের জন্য রাখা হয় ক্রীড়া প্রতিযোগিতা। বিশেষ করে নারীদের জন্য 'মিউজিক পিলো' ও 'হাঁড়িভাঙা' প্রতিযোগিতা এবং ছেলেদের টানটান উত্তেজনার 'রশি টানাটানি' ছিল মূল আকর্ষণ। পাশাপাশি সংগীত শিল্পী শর্মিলা দেব শর্মি ও ফজলুল করিমের মনোজ্ঞ সংগীতে মেতে ওঠেন উপস্থিত দর্শ দর্শকেরা।

মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় প্রবাসীদের পছন্দের সুস্বাদু সব খাবার। আয়োজনের শেষভাগে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র, যার প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি। র্যাফেল ড্র’র বিজয়ী নজরুল ইসলাম খানের হাতে গাড়ির চাবি হস্তান্তরের মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সফল সমাপ্তি ঘটে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন