https://www.prothomalony.com/

17801

north-america

উত্তর আমেরিকা

উত্তর আমেরিকায় বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত: ২ আগস্ট নিউইয়র্কে ‘বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ০১:৪৮

 বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে এবং প্রবাসে রুচিশীল বিনোদনের শক্ত ভিত্তি গড়ে তুলতে নিউইয়র্কে আয়োজিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর আত্মপ্রকাশমূলক আসর। প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে এবং আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের (এবিপিএ) সহযোগিতায় এ উৎসবের পর্দা উঠছে ৩০ জুলাই।

তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়ে উৎসবটি চূড়ান্ত রূপ নেবে ২ আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের মূল আয়োজনে। সেখানে বিজয়ী নির্মাতাদের পুরস্কৃত করার পাশাপাশি বসবে দেশ-বিদেশের তারকা ও চলচ্চিত্রকর্মীদের মিলনমেলা। সম্পূর্ণ আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ এতে অংশ নিতে কোনো প্রবেশমূল্য বা টিকিট লাগবে না (এন্ট্রি ফ্রি)।
মূল আয়োজনের আবাহন হিসেবে আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলবে বাছাইকৃত বাংলা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। আন্তর্জাতিক এই মঞ্চে স্থান পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র,এই তিনটি ধারা।

প্রথম দিন ৩০ জুলাই উৎসবের সূচনা দিনে স্থান পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতীর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
দ্বিতীয় দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’। একই সাথে প্রদর্শিত হবে মিশুক মনি পরিচালিত আলোচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।
তৃতীয় দিন ১ আগস্ট প্রদর্শনী পর্বের শেষ দিনে দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। পাশাপাশি থাকছে রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমানের ‘শিকড়’,এই দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
আমেরিকায় প্রথাগত উৎসবের বাইরে গিয়ে বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক ও গুণগত বিকাশে কাজ করতে চান আয়োজকেরা।
উৎসবের আহ্বায়ক অলিভ আহমেদ এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “আমরা যুক্তরাষ্ট্রে বাংলা চলচ্চিত্রের জন্য একটি মজবুত ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করতে সচেষ্ট। প্রথাগত নাচ-গান কিংবা গণহারে ক্রেস্ট বিতরণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকৃত শিল্পকে মূল্যায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে নবীন ও সম্ভাবনাময় নির্মাতাদের জন্য একটি বড় সুযোগ নিয়ে আসছে এই উৎসব। সদস্য সচিব লিটু আনাম জানান, আন্তর্জাতিক প্রডিউসারদের সাথে সংযোগ ঘটিয়ে দেওয়ার অংশ হিসেবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ) এই আয়োজনে বিজয়ী কাজগুলোতে সরাসরি ভবিষ্যতের প্রজেক্টে অর্থায়নের আশ্বাস দিয়েছে।
তিন দিনের প্রদর্শনী শেষে ২ আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে উৎসবের চূড়ান্ত আসর। এদিন জমকালো রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদানের মাধ্যমে সমাপনী টানা হবে। ইতোমধ্যে বাংলাদেশ ও উত্তর আমেরিকার উল্লেখযোগ্য সংখ্যক অভিনয়শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী এই আয়োজনে যোগ দিতে নিউইয়র্কে একত্রিত হচ্ছেন।

চলচ্চিত্র নির্মাতা পিকলু চৌধুরীর ফেস্টিভ্যাল ডিরেকশন এবং তানভির সানির প্রোগ্রাম ডিরেকশনে আয়োজিত এই উৎসব বাংলা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন প্রবাসীরা। বিনামূল্যে প্রবেশের এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি, সংস্কৃতিপ্রেমী দর্শক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে উৎসবকে সফল করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন