https://www.prothomalony.com/
17793
new-york
নিউইয়র্ক সিটির কুইন্সের ওজোন পার্ক এলাকায় যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, নিউইয়র্কের সভাপতি নাঈম টুটুলকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। পরে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।
বৃহস্পতিবার বিকেলে ওজোন পার্কের লিবার্টি অ্যাভিনিউ ও সেরিডান অ্যাভিনিউয়ের মোড়ে এ ঘটনা ঘটে। ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করা হলে তিনি জামিনে মুক্তি পান।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে , 'জাকির এইচ চৌধুরী তাঁর দুই সহকর্মী মীর্জা মোহাম্মদ হোসেন ও মো. রাসেলকে নিয়ে অফিসে ফিরছিলেন। এ সময় নাঈম টুটুল তাঁদের সামনে এসে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি আইফোন দিয়ে জাকিরের মাথায় আঘাত করেন।
জাকিরের সঙ্গে থাকা সহকর্মীরা ৯১১ নম্বরে ফোন করলে কয়েক মিনিটের মধ্যে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টুটুলকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ। পরে প্যারামেডিকসরা জাকিরকে প্রাথমিক চিকিৎসা দেন।
জাকির এইচ চৌধুরীর বলেন, 'দুপুরের খাবার শেষে দুই সহকর্মীকে নিয়ে অফিসে ফেরার পথে নাঈম টুটুল আমার ওপর হামলা চালান। এ সময় টুটুলের সঙ্গে হারুন নামের আরও একজন ছিলেন।'
এ বিষয়ে নাঈম টুটুল বলেন, 'ভুল বোঝাবুঝি থেকেই ঘটনার সূত্রপাত হয়েছিল। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমরা একই দলের এবং বন্ধুবান্ধব মানুষ। বিষয়টি ইতোমধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে, তার কোনো ভিত্তি নেই।'
নিউইয়র্ক থেকে আরো পড়ুন