https://www.prothomalony.com/

17799

north-america

উত্তর আমেরিকা

ম্যানহাটনে লিজিওনেয়ার্স রোগে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ০৮:০৬

নিউইয়র্কের ম্যানহাটনের আপার ইস্ট সাইডে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাবে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। একই সঙ্গে এখন পর্যন্ত ৯০ জন এ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে বর্তমানে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছিলেন, রোগ ছড়ানোর সম্ভাব্য উৎস চিহ্নিত করে তা পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা কমে এসেছে এবং প্রাদুর্ভাব কার্যত নিয়ন্ত্রণে রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আপার ইস্ট সাইডের ৭৫টি ভবনের ৭৭টি কুলিং টাওয়ারে প্রাথমিক পরীক্ষায় জীবিত লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। তবে যেসব ভবনে ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে, সেগুলোর সবকটিই যে বর্তমান প্রাদুর্ভাবের উৎস—এমনটি নিশ্চিত নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত কুলিং টাওয়ারগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন ঠিকানাও স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে যুক্ত করা হবে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৭ জুলাই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে নতুন রোগীর সংখ্যা দ্রুত কমতে শুরু করে। ১৭ জুলাইয়ের পর আর কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। এ কারণে তারা ধারণা করছেন, সংক্রমণের মূল উৎস ইতোমধ্যে নির্মূল করা হয়েছে।

তবে কোন কুলিং টাওয়ার বা টাওয়ারগুলো থেকে সংক্রমণ ছড়িয়েছে, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার ফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট ভবনের মালিকরা নিয়ম অনুযায়ী পরীক্ষা ও জীবাণুমুক্তকরণের বিধি মেনেছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন