https://www.prothomalony.com/

17654

literature

সাহিত্য

রকল্যান্ড রিট্রিট অ্যান্ড বুক ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হবে ২৫-২৬ জুলাই

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ ০১:৫১

সাহিত্য, প্রকৃতি, সংস্কৃতি এবং সৃজনশীলতাকে একসূত্রে গাঁথতে আগামী ২৫ ও ২৬ জুলাই নিউইয়র্কের চেস্টনাট রিজ এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ রকল্যান্ড রিট্রিট অ্যান্ড বুক ফেয়ার ২০২৬। দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্যোগ নিয়েছে বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (Bengali International Literary Society)।

চেস্টনাট রিজের থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজনের মূল প্রতিপাদ্য— "Read. Write. Reflect. Connect."। আয়োজকদের আশা, প্রবাসী বাংলা সাহিত্যপ্রেমী, লেখক, কবি, শিল্পী এবং সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হবে এবারের অনুষ্ঠান।

মেলায় কবিতা, গল্প ও ছড়া পাঠের পাশাপাশি থাকবে তাৎক্ষণিক সাহিত্য রচনা প্রতিযোগিতা, অটিজম স্পেকট্রামের লেখকদের সৃজনশীল কাজ উপস্থাপনের বিশেষ পর্ব এবং লেখকদের জন্য নিজস্ব বই প্রদর্শন ও বিক্রির সুযোগ। নতুন লেখকদের মৌলিক পাণ্ডুলিপি প্রকাশের সুযোগ তৈরির উদ্যোগও থাকবে।

শুধু সাহিত্য নয়, প্রকৃতির সান্নিধ্যে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বনভ্রমণ, যোগব্যায়াম, সাঁতার ও স্ট্রেচিংসহ বিভিন্ন আউটডোর কার্যক্রম। পাশাপাশি পরিবেশন করা হবে আমেরিকান ও বাঙালি খাবারের সমন্বয়ে বিশেষ খাদ্য আয়োজন। দুই দিনের অনুষ্ঠানে বাংলা ও পাশ্চাত্য সংগীতের পরিবেশনাও থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক সুবোধ সরকার। উদ্বোধক হিসেবে থাকবেন ড. মোস্তফা সারওয়ার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মোহাম্মদ নুরুল হুদা এবং সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন গিয়ানা মেল্লা।

 রকল্যান্ড রিট্রিট অ্যান্ড বুক ফেয়ার- এ বইমেলা হয়ে আসছে। পাশাপাশি এটি প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি সৃজনশীল উদ্যোগ। সাহিত্যচর্চা, পারস্পরিক পরিচিতি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে নতুন সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টার, ২৮৫ হাংরি হলো রোড, চেস্টনাট রিজ, নিউইয়র্ক ১০৯৭৭-এ।

অংশগ্রহণে আগ্রহীদের BILSUS.com-এ নিবন্ধন করার অথবা (৯১৭) ৬৯৩-৯২৯১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
 

সাহিত্য থেকে আরো পড়ুন