https://www.prothomalony.com/

17752

new-york

নিউইয়র্ক

চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র বনভোজনে প্রাণবন্ত মিলনমেলা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ১৩:৪৫

নিউইয়র্কের মনোরম হেকশেয়ার স্টেট পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন। গত ১২ জুলাই অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় দুই হাজার প্রবাসী চট্টগ্রামবাসীর উপস্থিতিতে পার্কটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের। প্রধান অতিথি হিসেবে বনভোজনের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রশংসা করেন।

উদ্বোধনের পর সভাপতি মোহাম্মদ আবু তাহের উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা, পুরস্কার বিতরণী এবং সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।

সরজমিনে দেখা গেছে, সকাল থেকেই পার্কজুড়ে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় প্রবাসীরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণখোলা আড্ডা, কুশল বিনিময় ও স্মৃতিচারণে মেতে ওঠেন। নতুন প্রজন্মও চাটগাঁইয়া ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

অতিথিদের জন্য সকালের নাস্তায় পরিবেশন করা হয় কলা ও ক্রসান্ট। শিশুদের জন্য ছিল ছবি আঁকা প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন। নারীদের বালিশ খেলা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। দুপুরে পরিবেশন করা হয় সুস্বাদু মধ্যাহ্নভোজ। পাশাপাশি তরমুজ, ঝালমুড়ি ও মিষ্টি পানের আয়োজনও ছিল বিশেষ আকর্ষণ।

সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পী টিনা রাসেল, রাজিবসহ অন্যান্য শিল্পীর গান ও পরিবেশনায় পুরো পিকনিক প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি মুহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ শামসুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ মনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সিপিএ সারওয়ার জামান, ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান কামাল হোসেন মিঠু, ট্রাস্টি বোর্ডের সদস্য এনাম চৌধুরী, সৈয়দ মোশাররফ হোসেন বাবর, আবু তালেব চৌধুরী চান্দু, আবুল কাশেম চট্টলা, মিজানুর রহমান জাহাঙ্গীর, তারিকুল হায়দার চৌধুরী এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য সারওয়ার হোসেন, সাহাবুদ্দিন চৌধুরী লিটন, মহম্মদ দিদারুল আলম, জামাল চৌধুরী, মোহাম্মদ জাকির, মুহাম্মদ মুজিবর রহমান, মতিউর রহমান চৌধুরী, আবুল কালাম ও মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া আহ্বায়ক মোহাম্মদ শফিকুল আলম, সদস্য সচিব চৌধুরী আজিজ, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ঈসা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, সদস্য নাবায়নে ছিলেন তানিম মহসিন, অভ্যর্থনায় ছিলেন মোহাম্মদ টি আলম, ফরিদ আহমেদ তারেক, মোহাম্মদ আকতার হোসাইন, খেলাধুলা পরিচালনায় ছিলেন মোহাম্মদ ঈসা, মোহাম্মদ মহিম উদ্দিন, খাবারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ কলিমউল্লাহ, ইমরুল কায়সার, অজয় প্রসাদ , মোহাম্মাদ জাবের শফি এবং বিভিন্ন জিনিসপত্র রক্ষণাবেক্ষণে দায়িত্বে ছিলেন প্রভিন ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাছির মাষ্টার।।

দিনব্যাপী এ আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে। উপস্থিত অতিথিরা আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, আন্তরিক আতিথেয়তা এবং পারিবারিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষদিকে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র পক্ষ থেকে বনভোজন সফল করতে সহযোগিতা করা সকল পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক, শিল্পী, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন