https://www.prothomalony.com/

17596

north-america

উত্তর আমেরিকা

ইন্ডিয়ানায় বসছে উত্তর আমেরিকার বৃহত্তম বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ ০১:১১

আগামী ২৪–২৫ জুলাই ইন্ডিয়ানার নোবলসভিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন (NABLCC) ২০২৬। দ্বিবার্ষিক এ সম্মেলনে বাংলা ভাষা, সাহিত্য, শিল্প, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ ধারাকে উদ্‌যাপন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে উত্তর আমেরিকাজুড়ে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকবে সাহিত্য, সংগীত, শিল্প, ইতিহাস ও সংস্কৃতিকে কেন্দ্র করে নানা আয়োজন। প্রথম দিন শুক্রবার বিকেল ৪টায় শুরু হবে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী পিঠা প্রতিযোগিতা, সাহিত্য আলোচনা এবং স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। দ্বিতীয় দিন শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, বিশেষ অতিথিদের বক্তব্য এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার সরাসরি সংগীত পরিবেশনা।

আমন্ত্রিত ও প্রত্যাশিত অতিথিদের তালিকায় রয়েছেন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট দিয়েগো মোরালেস, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী, জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা, শিকাগোতে ভারতের কনসাল জেনারেল সোমনাথ ঘোষ, শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মুনির চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আবদুর চৌধুরী, লেখক ও প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়শ্রী বড়ুয়া, লেখক ড. মোস্তাক আহমেদ, শিক্ষাবিদ ও লেখক ড. শিরিন সিদ্দিকী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলম পান্না, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ জে. চৌধুরী, নন্দিতা গঙ্গোপাধ্যায় দাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে মুক্তধারা নিউইয়র্ক ও বিশ্বজিৎ সাহার উদ্যোগে বইমেলা, আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী, ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাক ও অলংকার প্রদর্শনী, বাঙালি খাবারের আয়োজন এবং কমিউনিটি নেটওয়ার্কিংয়ের সুযোগ। আয়োজকদের প্রত্যাশা, এসব আয়োজন উত্তর আমেরিকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঐতিহাসিক সম্মেলনে সবার উপস্থিতি আয়োজনকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করে তুলবে। পাশাপাশি, সম্মেলনের সফল বাস্তবায়নের জন্য অনুদানও আহ্বান করা হয়েছে। আগ্রহীরা [email protected] ইমেইলে যোগাযোগ করে অনুদান প্রদান ও অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আয়োজক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক দিলরুবা আমিন মিতা ও রঞ্জন রায় উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষী সবার প্রতি এই সম্মেলনে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছেন। তাঁদের বিশ্বাস, এ আয়োজন শুধু সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলাই নয়, বরং প্রবাসে বাংলা ভাষা, ইতিহাস ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে আরও শক্তিশালীভাবে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন