https://www.prothomalony.com/

17745

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষকের আন্তর্জাতিক স্বীকৃতি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ০০:৩৬

আমেরিকান একাডেমি অব নিউরোলজির মর্যাদাপূর্ণ ‘ফিউচারস ইন নিউরোলজিক রিসার্চ স্কলারশিপ’ অর্জন করেছেন ড. মো. মোস্তাফিজুর রহমান। স্নায়ুবিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মর্যাদাপূর্ণ ‘Futures in Neurologic Research Scholarship’ অর্জন করেছেন।  বাংলাদেশি চিকিৎসক ও গবেষক ড. মো. মোস্তাফিজুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট জনস ইউনিভার্সিটির (St. John's University) পিএইচডি গবেষক।

সম্প্রতি শিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান একাডেমি অব নিউরোলজি (American Academy of Neurology-AAN)–এর ২০২৬ সালের বার্ষিক সম্মেলনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

‘ফিউচারস ইন নিউরোলজিক রিসার্চ স্কলারশিপ’ একাডেমিটির অন্যতম প্রতিযোগিতামূলক সম্মাননা। প্রতিবছর যুক্তরাষ্ট্র ও কানাডার মাত্র ৩৫ জন রেসিডেন্ট চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং স্নাতকোত্তর গবেষককে ভবিষ্যৎ স্নায়ুবিজ্ঞান গবেষণায় নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয়।

সম্মেলনে ড. রহমান তাঁর গবেষণাপত্র ‘Splicing-Dependent Modulation of CaV1.3 Calcium Channels: Implications for Neurological Disease and Therapeutic Targeting’ উপস্থাপন করেন। একই সঙ্গে বিশ্বের খ্যাতনামা নিউরোলজিস্ট ও নিউরোসায়েন্টিস্টদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

বাংলাদেশে জন্ম নেওয়া ড. মো. মোস্তাফিজুর রহমান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে তিনি সেন্ট জনস ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. মাত্তেও রুজ্জিউ–এর (Dr. Matteo Ruggiu) তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা শুরু করেন।

তাঁর গবেষণার মূল বিষয় হলো অলটারনেটিভ স্প্লাইসিং (Alternative Splicing) নামের একটি জিনগত প্রক্রিয়া কীভাবে ক্যালসিয়াম ও পটাশিয়াম আয়ন চ্যানেলের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এসব আয়ন চ্যানেলের অস্বাভাবিকতা মৃগীরোগ (এপিলেপসি)সহ বিভিন্ন স্নায়ুরোগের সঙ্গে সম্পর্কিত। তাঁর গবেষণার লক্ষ্য এসব রোগের আণবিক কারণ শনাক্ত করে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক চিকিৎসা উদ্ভাবনে সহায়তা করা।

ড. রহমানের গবেষণা Neurology, Annals of Neurology, Immune Mediators in Cancer: Methods and Protocols (Springer Nature), WIREs RNA এবং Journal of Biological Chemistry –সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ২০২৫ ও ২০২৬ সালে আমেরিকান একাডেমি অব নিউরোলজি এবং আমেরিকান নিউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনেও তাঁর গবেষণা উপস্থাপন করেন।

গবেষণায় অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি সেন্ট জনস ইউনিভার্সিটির ২০২৬ সালের ‘ড. হালদার অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং রিসার্চ পাবলিকেশনস’ লাভ করেন। এছাড়া তাঁর গবেষক দল বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্টুডেন্ট রিসার্চ কনফারেন্সে পোস্টার উপস্থাপনায় প্রথম স্থান এবং ২০২৬ সালে দ্বিতীয় স্থান অর্জন করে।

ড. মো. মোস্তাফিজুর রহমানের এই অর্জন আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে বাংলাদেশি বিজ্ঞানীদের ক্রমবর্ধমান সাফল্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আণবিক জীববিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান গবেষণায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন