https://www.prothomalony.com/

17748

north-america

উত্তর আমেরিকা

রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর হলেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. মাকসুদ চৌধুরী

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ০০:৫৩

বাংলাদেশি-আমেরিকান শিশুরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সমাজসেবক ডা. মাকসুদ চৌধুরী রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৭২৩০ এর ২০২৬–২০২৭ বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক হিসেবে এই পদে অধিষ্ঠিত হয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন তিনি।

নিউইয়র্কে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শতাধিক রোটারিয়ান, কমিউনিটি নেতা ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে রোটারির ঐতিহ্যবাহী ‘গ্যাভেল’ (গভর্নরের হাতুড়ি) হস্তান্তর ও শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নতুন নেতৃত্বের যাত্রা।

ডা. মাকসুদ চৌধুরী চিকিৎসা ও সামাজিক কর্মকাণ্ডে এক পরিচিত মুখ। তিনি 'পেডসি গ্লোবাল হেলথ' এর সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি, 'ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ' এর সভাপতি এবং 'বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা' এর সাবেক জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি শিশুস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

নবনিযুক্ত গভর্নর হিসেবে ডা. চৌধুরী আগামী এক বছর নিউ ইয়র্ক ও বারমুডা অঞ্চলের ৫৮টি রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের সামগ্রিক কার্যক্রম পরিচালনা ও নেতৃত্ব দেবেন। দায়িত্বপালনকালে শিক্ষা বিস্তার, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, সংগঠনের সদস্য বৃদ্ধি, সার্বিক কমিউনিটি উন্নয়ন এবং তরুণ নেতৃত্ব বিকাশে বিশেষ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি।

নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডা. মাকসুদ চৌধুরী বলেন, "রোটারি একটি বৈশ্বিক মানবিক পরিবার। সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই অগ্রগতি অর্জনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।"

উৎসবমুখর এই আয়োজনের শেষভাগে আমন্ত্রিত অতিথিরা নিউ ইয়র্ক হারবারে মনোরম নৌভ্রমণ, মধ্যাহ্নভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন