https://www.prothomalony.com/
17747
north-america
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ০০:৫১
বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে জাতিসংঘের সাধারণ পরিষদকে সুপারিশ করেছে সংস্থাটির অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)। নিউইয়র্কে ইকোসকের এক বৈঠকে সদস্যরাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সাধারণ পরিষদকে এ সুপারিশ করে।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ ও নেপালের পক্ষে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধের পটভূমি ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে অতিরিক্ত এই প্রস্তুতিকাল অপরিহার্য।
এর আগে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) উভয় দেশের আবেদন পর্যালোচনা করে ইতিবাচক মতামত দিয়েছিল। সিডিপির পরামর্শের ভিত্তিতে ইকোসক আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখের আগেই সাধারণ পরিষদকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ নভেম্বরই বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণের কথা রয়েছে।
সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এলডিসি থেকে বাংলাদেশের টেকসই উত্তরণের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, সাধারণ পরিষদ প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে বাংলাদেশ প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও সংস্কার বাস্তবায়নের পাশাপাশি এলডিসি-উত্তর পর্বের জন্য দেশের প্রস্তুতি আরও সুদৃঢ় করবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন