https://www.prothomalony.com/

17121

canada

কানাডা

মন্ট্রিয়লে উদীচীর বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান

প্রকাশ: ১৪ মে ২০২৬ ০৫:৪৩

কানাডার মন্ট্রিয়লে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন করেছে উদীচী। রোববার বিকেলে মন্ট্রিয়লস্থ নটরডেম কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ ব্যানার, ফেস্টুন ও বাদ্যের তালে তালে কলেজসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রায় রং-তুলিতে আঁকা প্ল্যাকার্ডে বাঙালির চিরায়ত কৃষ্টি ও ঐতিহ্যের রূপ ফুটে ওঠে।

সন্ধ্যায় শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। শতাধিক শিল্পীর অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরুল ও লালনের গান, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে বাংলার শিকড়ের সুর তুলে ধরা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অম্লান দত্তের পরিচালনা ও নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি গীতিনাট্য ‘কাল মৃগয়া’। রাজা দশরথ ও অন্ধ মুনি-পুত্রের করুণ কাহিনী অবলম্বনে নির্মিত এই পরিবেশনাটি দর্শকদের মুগ্ধ করে। ‘রবি অনুরাগী’ সংগঠনের শিল্পীদের নিখুঁত অভিনয়, পোশাক পরিকল্পনা এবং শব্দ ও আলোর কারুকাজ পুরো মঞ্চকে জীবন্ত করে তুলেছিল।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অডিটোরিয়াম চত্বরে বসেছিল বৈশাখী মেলা। সেখানে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও হরেক রকমের খাবারের স্টল ছিল চোখে পড়ার মতো। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে পরিচিত মুখগুলোর পুনর্মিলনীতে পুরো উৎসব প্রাঙ্গণ এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উদীচী মন্ট্রিয়লের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দেব। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শর্মিলা ধর। তাঁর সঙ্গে উপস্থাপনায় আরও ছিলেন সুমন কর্মকার। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত দর্শকরা পিনপতন নীরবতায় অনুষ্ঠানটি উপভোগ করেন।

কানাডা থেকে আরো পড়ুন