https://www.prothomalony.com/
16863
entertainment
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ০১:৫৬
বায়োস্কোপ ফিল্মসের ব্যানারে ঈদে মুক্তিপ্রাপ্ত রেদোয়ান রনি পরিচালিত ও আফরান নিশো অভিনীত চলচ্চিত্র ‘দম’ উত্তর আমেরিকায় দ্বিতীয় সপ্তাহে আরও বড় পরিসরে মুক্তি পাচ্ছে। প্রথম সপ্তাহে ৭টি প্রেক্ষাগৃহে যাত্রা শুরু করা ছবিটি এখন বেড়ে দাঁড়িয়েছে মোট ৫৮টি প্রেক্ষাগৃহে।
ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শকপ্রশংসা ও টিকিট বিক্রিতে সমান সাফল্য পাওয়া ছবিগুলোর অন্যতম ‘দম’। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত এই ছবিটি উত্তর আমেরিকায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস।
গত ১০ এপ্রিল নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফিনিক্স—এই তিন শহরের ৭টি প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি হয়। দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে দ্বিতীয় সপ্তাহে শুধু এই তিন শহরেই নয়, বরং যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘দম’। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় এর আগে শুধু ‘পরাণ’ ছবিই এত সংখ্যক প্রেক্ষাগৃহ পেয়েছিল।
ছবিটির এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক রেদোয়ান রনি বলেন, প্রবাসী দর্শকরা যেভাবে ‘দম’ গ্রহণ করেছেন, তা সত্যিই অভাবনীয়। বিভিন্ন স্থানে গিয়ে দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস তাকে মুগ্ধ করেছে। অন্যদিকে, আফরান নিশো ও পূজা চেরি ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন।
বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ জানান, শারীরিক অসুস্থতার কারণে এবার নিউইয়র্কে যেতে না পারলেও তিনি লস অ্যাঞ্জেলেস ও বে এরিয়ায় ছবির প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি বলেন, দুই সপ্তাহে এত সংখ্যক প্রেক্ষাগৃহ পাওয়া সহজ নয়, তবে ছবিটির আন্তর্জাতিক আবেদন রয়েছে। কাজাখস্তানে শুটিং এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ, সঙ্গে শক্তিশালী অভিনয় ও দক্ষ পরিচালনা—সব মিলিয়ে সফলতার সম্ভাবনা উজ্জ্বল।
প্রতিষ্ঠানটির আরেক কর্ণধার নওশাবা রশীদ বলেন, ‘দম’ দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। তার মতে, এই ছবিতে আফরান নিশো তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন এবং ছবির গানগুলোও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
নিউইয়র্কের কিউ গার্ডেনস সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহে ছবিটি প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি লং আইল্যান্ডের ফার্মিংডেল এলাকার শোকেস সিনেমা হলে প্রতিদিন বিকেল ৫টা ও রাত ৮টায় দুটি করে প্রদর্শনীসহ সপ্তাহজুড়ে মোট ১৪টি শো উপভোগ করতে পারবেন দর্শকরা।
‘দম’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই, চরকি ও এসভিএফ ফিল্মস।
বিনোদন থেকে আরো পড়ুন