https://www.prothomalony.com/

15844

entertainment

বিনোদন

নতুন শিল্পপরিবেশনা নিয়ে নিউইয়র্কে আসছেন বিদুষী চন্দ্রা ও কবি কায়সার

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ০০:৪৩

নতুন শিল্পপরিবেশনা নিয়ে নিউইয়র্কে আসছেন বিদুষী চন্দ্রা ও কবি কায়সার

‘নৈঃশব্দ্য ও গোধূলির গান’ শীর্ষক নতুন শিল্পপরিবেশনা নিয়ে নিউইয়র্কে আসছেন যুক্তরাজ্যপ্রবাসী দক্ষিণ এশীয় শিল্পের শীর্ষস্থানীয় সংস্থা সৌধের পরিচালক কবি টি এম আহমেদ কায়সার ও ব্রিটেনে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম প্রধান দূত বিদুষী চন্দ্রা চক্রবর্তী। জানুয়ারির মাঝামাঝি সময়ে নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আয়োজিত একাধিক সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন তারা।

আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় সৌধ প্রযোজিত এই নতুন শিল্পপরিবেশনা মঞ্চস্থ হবে। এর আগে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইথিকায় কর্নেল বিশ্ববিদ্যালয়ে বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক বিশেষ সেমিনার ও পরিবেশনায় অংশ নেবেন তারা।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড কালচার সোসাইটি এবং সৌধের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ‘ঋত্বিক ঘটক ও থিও অ্যাঞ্জেলোপোলস: নিবিড় পাঠ’ শীর্ষক সেমিনার। এ উপলক্ষে ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র 'মেঘে ঢাকা তারা' তে পণ্ডিত এ টি কাননের কণ্ঠে পরিবেশিত রাগ হংসধ্বনির একটি নতুন পুনর্বয়নের আয়োজন করা হয়েছে। পণ্ডিত এ টি কাননের সংগীতশিষ্যা বিদুষী চন্দ্রা চক্রবর্তী এই পরিবেশনায় চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যকে কেন্দ্র করে রাগ হংসধ্বনির নতুন ব্যাখ্যা ও ভাষ্য নির্মাণ করবেন।

সেমিনারে মূল আলোচক হিসেবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং পশ্চিমবঙ্গের কৃত্তিবাস পুরস্কারপ্রাপ্ত কবি অধ্যাপক শামীম রেজা। এ ছাড়া আলোচনায় থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ঔপন্যাসিক সালমা বাণী এবং কবি ও সৌধ পরিচালক টি এম আহমেদ কায়সার। সেমিনারের সভাপতিত্ব করবেন কবি, চলচ্চিত্রকার ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আহমেদ শামীম।

পরদিন শুক্রবার নিউইয়র্কে বিপার আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় বিদুষী চন্দ্রা চক্রবর্তী, কবি টি এম আহমেদ কায়সার ও কবি শামীম রেজা মিলে উপস্থাপন করবেন সৌধের নতুন শিল্পপ্রযোজনা ‘নৈঃশব্দ্য ও গোধূলির গান’। এ বিশেষ পরিবেশনায় থাকবে শাস্ত্রীয় সংগীত, বাংলা লোকগান ও ধ্রুপদি সংগীতের নতুন ব্যাখ্যা ও ভাষ্যে নির্মিত কবিতা। তবলায় থাকবেন পিনাকপাণি গোস্বামী, কিবোর্ডে রিপন মিয়া, কবিতা পাঠে তাহমিনা পারভীন প্রীতি এবং সঞ্চালনায় থাকবেন সোহানি ইসলাম।

এ ছাড়া কবি টি এম আহমেদ কায়সার ১০ ও ১১ জানুয়ারি নিউইয়র্কে স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সংগীত আয়োজনে অংশ নেবেন।

বিদুষী চন্দ্রা চক্রবর্তী ও কবি টি এম আহমেদ কায়সার ২০১১ সালে যুক্তরাজ্যে ‘সৌধ সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক’ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে যৌথ ও নিরীক্ষামূলক শিল্পপরিবেশনার মাধ্যমে সৌধ যুক্তরাজ্যের মূলধারার সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি স্বতন্ত্র ও গৌরবজনক অবস্থান তৈরি করেছে। রয়্যাল অ্যালবার্ট হল, রয়্যাল ফেস্টিভ্যাল হল, হাউস অব কমন্স, স্কটিশ পার্লামেন্ট, এডিনবরো ফ্রিঞ্জ ও ওয়েলস পার্লামেন্টসহ ব্রিটেনের বিভিন্ন মর্যাদাপূর্ণ মঞ্চে সৌধের পরিবেশনা প্রশংসিত হয়েছে।

নিজের অভিনব শিল্পপ্রযোজনা ও যুক্তরাজ্যের মূলধারার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে টি এম আহমেদ কায়সার ব্রিটেনের হাউস অব কমন্সে ‘প্রাইড অব বেঙ্গল’ পুরস্কারসহ ইউকে বেঙ্গলি কনভেনশন কর্তৃক ‘সেরা বাঙালি’ সম্মানে ভূষিত হয়েছেন। এ ছাড়া লিডস সিটি কাউন্সিল তাকে সিভিক অ্যাওয়ার্ড প্রদান করেছে।

বিনোদন থেকে আরো পড়ুন