https://www.prothomalony.com/

15100

entertainment

বিনোদন

‘অস্কার কোয়ালিফায়িং উৎসবে রাজীদ সিজনের ‘ইলাইজা’ সেরা চলচ্চিত্র

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ ১৫:১৫

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজনের স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ইলাইজা’ জয় করেছে অস্কার কোয়ালিফায়িং তসবির চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র (এলজিবিটিকিউ) পুরস্কার। গত রোববার স্থানীয় সময় রাত ৮টায় উৎসবের জমকালো সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটির নির্মাতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ উৎসবটি দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র ও প্রবাসী নির্মাতাদের সৃষ্টিকর্মকে বিশ্বদরবারে তুলে ধরছে। এবারের ২০তম আসরে মোট ১০৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়—এর মধ্যে ছিল তথ্যচিত্র, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশের পক্ষ থেকে ‘ইলাইজা’ ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাবা’, কান পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য ‘আলি’ এবং ‘এ থিং এবাউট কাশেম’।

নিউ ইয়র্কের কুইন্সভিত্তিক নির্মাতা রাজীদ সিজন  দীর্ঘদিন ধরে স্বাধীন চলচ্চিত্র নির্মাণে যুক্ত। তার চলচ্চিত্রে উঠে আসে প্রবাসী জীবনের সংগ্রাম, সামাজিক বঞ্চনা এবং মানবিকতার গল্প।

তসবির চলচ্চিত্র উৎসবের সহপ্রতিষ্ঠাতা রিতা মেহের বলেন, “৯/১১–এর পর যুক্তরাষ্ট্রে মুসলিম ও দক্ষিণ এশীয়দের নিয়ে যে ভুল ধারণা তৈরি হয়েছিল, সেটি দূর করতেই আমাদের এই উৎসবের সূচনা। এবারের আসরে রাজীদের ‘ইলাইজা’ সেই লক্ষ্যকেই নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে—চলচ্চিত্রটি আমাদের বিচারকদের হৃদয় ছুঁয়েছে।”

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রাজীদ সিজন বলেন, “‘ইলাইজা’ আসলে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মানুষের গল্প। সিয়াটলে প্রদর্শনের সময় হলভর্তি দর্শকের আবেগ, করতালি আমাকে আপ্লুত করেছে। এই পুরস্কার আমি উৎসর্গ করছি আমার পরিশ্রমী কলাকুশলী দল, যুক্তরাষ্ট্রে ট্যাক্সি মেডেলিয়ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ভাইবোন এবং সমাজে উপেক্ষিত লিঙ্গ-বৈচিত্র্যসম্পন্ন মানুষদের।”

এর আগে গত ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস রাজীদ সিজনকে সার্টিফিকেট অব রিকগনিশন (স্বীকৃতির সনদ) প্রদান করেন। মেয়র বলেন, “রাজীদ তার চলচ্চিত্রের মাধ্যমে মানবাধিকারের পক্ষে কথা বলেন। তিনি মূলধারার বাইরে থেকে সেই গল্পগুলো বলেন, যেগুলো আমাদের সমাজ শোনার প্রয়োজন। তার ‘ইলাইজা’ মানবিকতার কণ্ঠস্বর।”

ব্রুকলিন আর্ট কাউন্সিলের সাবেক পরিচালক লাওরা নর্ডভিগ বলেন, “রাজীদের প্রজেক্টে আমরা অনুদান দিয়েছিলাম কারণ এতে ছিল সততা, সামাজিক দায়বোধ ও গভীর মানবিকতা। তার এই সাফল্য আমাদের গর্বিত করেছে।”

‘ইলাইজা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এজাজ আলম, মিথিলা গাজী এবং দেবজানী ব্যানার্জি। তাদের অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

বিনোদন থেকে আরো পড়ুন