অভিমত

ফ্রিল্যান্সিংয়ের পথে এক সংগ্রামের গল্প

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫ ০৪:১১

২০২০ সালের মধ্যভাগ। করোনা মহামারীর ভয়াবহ ছোবলে বিশ্ব যখন স্থবির, ঠিক তখনই শেখ আয়মান নামের একজন তরুণ সিদ্ধান্ত নিলেন থেমে না থেকে কিছু করার। চারপাশের স্থবিরতার মাঝে ঘরবন্দি সময়কে কাজে লাগানোর তীব্র ইচ্ছা তার মনে জাগ্রত হলো। প্রযুক্তির প্রতি আগ্রহ তার আগে থেকেই ছিল। অনলাইনে ঘাঁটাঘাঁটির পুরনো অভ্যাস থেকেই জানতে পারলেন, ঘরে বসেই আয়ের সুযোগ রয়েছে। কৌতূহল তাকে তাড়িত করল, আর তিনি ঝাঁপিয়ে পড়লেন ফ্রিল্যান্সিং জগতে।

 

প্রথমদিকে অনুপ্রেরণার অভাব ছিল না শেখ আয়মানের। ইউটিউবের ভিডিও দেখা, বিভিন্ন ওয়েবসাইট পড়া—সবকিছুই তাকে ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহী করে তোলে। কিন্তু বাস্তবতা এতটা সহজ ছিল না। সঠিক গাইডলাইনের অভাবে দিন দিন শেখার পথ কঠিন হয়ে উঠল। বাসার দায়িত্ব, আত্মীয়স্বজনের নানা প্রশ্ন, বন্ধুদের আড্ডা থেকে নিজেকে সরিয়ে রাখা—সবমিলিয়ে পরিস্থিতি তাকে একরকম চাপে ফেলে দেয়। তবুও হাল ছাড়েননি তিনি। ছয় মাস ধরে প্রতিদিন রুটিন করে ল্যাপটপের সামনে বসে কাজ শেখা চালিয়ে যান। পরিবারের সন্দেহ, বন্ধুবান্ধবের মজা করা, আর একাকিত্বের অনুভূতিকে সঙ্গী করেই তিনি এগিয়ে যান। অনেক কষ্টে তিনি একটি বিদেশি প্রতিষ্ঠানের কোর্স কেনেন, যা তার শেখার পথে নতুন দিগন্ত উন্মোচন করে।
 

আয়মানের জীবনের নতুন এ সফর এতটা মসৃণ ছিল না। অনেক পরিশ্রমের পর ফাইবারে প্রথম অ্যাকাউন্ট খোলেন তিনি। প্রতিদিন প্রোফাইল আপডেট, গিগ তৈরির কৌশল শেখা—সবকিছু করেও পাঁচ মাস পার হয়ে যায়, কোনো অর্ডার আসেনি। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত অর্ডার—মাত্র ৫ ডলারের। কারও কাছে এটি খুব সামান্য মনে হতে পারে, কিন্তু তার কাছে এটি ছিল অমূল্য। এই ৫ ডলার তাকে বুঝিয়ে দিয়েছিল, ধৈর্য আর পরিশ্রমের ফল একদিন পাওয়া যায়। সেই ৫ ডলার থেকেই শুরু, আর এখন তিনি আয়ের মাইলফলক ছুঁয়েছেন ৫ হাজার ডলারেরও বেশি।

তবে এই সফলতার পেছনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গিগ র‍্যাঙ্কে রাখা। গিগ র‍্যাঙ্ক থাকলেই নতুন অর্ডার আসে—হোক সেটা বড় বা ছোট। এছাড়া নিয়মিত ২৪ ঘণ্টা অনলাইনে থাকা, বায়ারের মেসেজ পাওয়া মাত্রই দ্রুত উত্তর দেওয়া, এমনকি বায়ারকে কথোপকথনের মাধ্যমে আকৃষ্ট করা—প্রতিটি ধাপই ছিল তার জন্য সংগ্রামের অংশ।

প্রতিযোগিতাও দিন দিন বেড়েছে। তরুণদের মাঝে ফ্রিল্যান্সিংয়ের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, কিন্তু সেই অনুপাত অনুযায়ী যোগ্যতার উন্নয়ন ঘটছে না। আয়মান মনে করেন, এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু কাজ শেখাই যথেষ্ট নয়, বরং প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখা, নতুন স্কিল শেখা এবং কঠোর পরিশ্রম করা জরুরি।

ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হলেও এটি রাতারাতি সফলতার গ্যারান্টি দেয় না। দীর্ঘ সময়, ধৈর্য এবং দক্ষতা ছাড়া এই পথে এগিয়ে যাওয়া কঠিন। পরিবারের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহী হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রথম ধাক্কা সামলাতে পারেন না, যার ফলে সফলতার হার অনেক কম।

সরকারি সহযোগিতা প্রসঙ্গে আয়মান বলেন, ফ্রিল্যান্সিং খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু সরকার থেকে ফ্রিল্যান্সারদের জন্য যথাযথ সহযোগিতা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। পেপাল সুবিধা চালু করা আজও ফ্রিল্যান্সারদের স্বপ্ন। ডলার উত্তোলনের প্রক্রিয়া সহজ করা এবং ব্যাংক প্রণোদনা বাড়ানো—এগুলো দ্রুত বাস্তবায়ন করা দরকার।

ইন্টারনেট সেবা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। ফ্রিল্যান্সিংয়ে ইন্টারনেট সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে গিগ র‍্যাঙ্ক হারানো, বায়ারের সঙ্গে সময়মতো যোগাযোগ করতে না পারা—এসব সমস্যার সম্মুখীন হতে হয়। কয়েকবার বায়ারের সঙ্গে নির্ধারিত মিটিং বাতিল করতে হয়েছিল, কারণ ইন্টারনেট বারবার বিচ্ছিন্ন হচ্ছিল। বায়ারদের কাছে দেশের ইন্টারনেট সমস্যার কথা বোঝানো প্রায় অসম্ভব, কারণ এতে পেশাদারিত্বের অভাব প্রকাশ পায় এবং দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বাংলাদেশে সরকার কোন ইস্যুতে হুটহাট মোবাইল ডাটা বন্ধ করে দেয়ার প্রবণতা রয়েছে। বিগত সরকার জুলাই বিপ্লবের সময় টানা প্রায় দু সাপ্তাহ ইন্টানেট সেবা বন্ধ করে রাখে। এতে আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। নিয়মিত অনলাইনে থাকতে না পারায় বায়ারদের আস্থা হারানোর পাশাপাশি আয়ের ধারাবাহিকতাও ব্যাহত হয়েছিলো তখন।

তিনি মনে করেন, ইন্টারনেটভিত্তিক ব্যবসার জন্য সরকারের বিশেষ পরিকল্পনা নেওয়া জরুরি। তাছাড়া, ডাটার মূল্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আয়মান আহমেদ নাফি। ডাটার দাম অনেক বেশি হলেও ইন্টারনেটের গতি তুলনামূলকভাবে ধীর। এতে নতুন ফ্রিল্যান্সাররা আরও সমস্যায় পড়ে, শেখার গতি ধীর হয়ে যায়।

বাংলাদেশে ফ্রিল্যান্সারদের সংখ্যা সম্পর্কে বলতে গিয়ে শেখ আয়মান বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির তথ্য তুলে ধরেন। বর্তমানে ১৫৩টি মার্কেটপ্লেসে প্রায় ১০ লাখ বাংলাদেশি ফ্রিল্যান্সার কাজ করছেন।

সরকারি নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা নিয়েও তিনি আলোকপাত করেন। চট্টগ্রামে নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা ১ হাজার ৮৩১ জন হলেও, অনিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা আরও অনেক বেশি বলে তিনি জানান।

ফ্রিল্যান্সারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সীমিত হলেও, প্রয়োজনের সময় তারা একে অপরকে সহায়তা করে থাকেন। প্রকল্পের কাজ কিংবা সমস্যা সমাধানে সহমর্মিতার জায়গা থেকেই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

শেষে আয়মান নিজের অভিজ্ঞতা থেকে বলেন, ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হলেও এটি মোটেও সহজ নয়। কাজ শেখা এখন সহজ হলেও অর্ডার পাওয়া এবং বায়ারদের বিশ্বাস অর্জন করা অত্যন্ত কঠিন। অনেকেই ফ্রিল্যান্সারদের ডলার আয় দেখে ঈর্ষা করেন, কিন্তু তারা ফ্রিল্যান্সারদের লড়াই, নিঃসঙ্গতা আর দিনের পর দিন শ্রম দেওয়ার কাহিনী জানেন না। তার মতে, সফল হতে গেলে আত্মবিশ্বাসী হওয়া এবং কঠোর পরিশ্রম করা—এই দুইয়ের বিকল্প নেই।

অভিমত থেকে আরো পড়ুন