https://www.prothomalony.com/

8406

north-america

উত্তর আমেরিকা

ব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:৩৩

ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। ৪ ফেব্রুয়ারি সোমবার বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেওয়ার জন্য জানুয়ারির শেষে চার্লস যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তাঁর প্রোস্টেটের চিকিৎসা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অন্য একটি বিষয়ে উদ্বেগ দেখা দেয় বলে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে। তবে তাঁর কোন ধরনের ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

তবে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, সোমবার থেকে রাজার নিয়মিত চিকিৎসা শুরু হয়েছে। রাজা তাঁর চিকিৎসা নিয়ে পুরোপুরি আশাবাদী এবং যত দ্রুত সম্ভব ফিরে আসার অপেক্ষায় আছেন।

তবে ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, রাজা চার্লসের প্রোস্টেট ক্যানসার হয়নি।

প্রকাশ্যে যেসব আনুষ্ঠানিকতায় রাজা অংশগ্রহণ করে থাকেন, সেগুলো আপাতত স্থগিত থাকবে এবং তাঁর চিকিৎসার এই সময়টায় রাজ পরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা তাঁর হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

তবে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব চালিয়ে যাবেন এবং নথিপত্রে সই করা বা ব্যক্তিগত সাক্ষাতের বিষয়গুলোও যথারীতি চলবে। 

চার্লসের ক্যান্সার এখন কোন পর্যায়ে বা তার সুস্থ হতে কতদিন লাগতে পারে, সেসব বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি বাকিংহাম প্যালেস।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন