https://www.prothomalony.com/

8285

north-america

উত্তর আমেরিকা

তারুণ্যের 'আইকন' ইমরান ইমন

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৪ ১২:২২

খ্যাতিমান লেখক, গবেষক ও কলামিস্ট ইমরান ইমন ২৮ জানুয়ারী ২৪-এ পা রাখলেন। ২০০০ সালের এই দিনে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। 

বয়সে ছোট হলেও চিন্তাচেতনায় ইমরান ইমন সময়ের চেয়ে অগ্রগামী। তারুণ্যের শক্তি ও উদ্দীপনায় তিনি সবসময় সমুজ্জল, প্রজন্মের জন্য প্রেরণার প্রতীক। স্কুলজীবন থেকেই দেশের শীর্ষ দৈনিক পত্রিকাসমূহে তিনি লেখালেখি করতেন। কবিতা দিয়ে লেখালেখির সূচনা হলেও বর্তমানে তিনি প্রবন্ধ-কলাম লেখা আর সম্পাদনায় নিজেকে ব্যস্ত রেখেছেন।
 
দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে তিনি নিয়মিত লিখে থাকেন। তার লেখার উঠে আসে দেশের কথা, দশের কথা, সংকট ও সম্ভাবনার কথা। তার লেখার অন্যতম উপজীব্য হলো তারুণ্য। নিজে তরুণ বলেই তরুণ প্রজন্মের কথা উঠে আসে তার লেখনীতে। তার আপোসহীন ক্ষুরধার লেখনী সচেতন পাঠককে নাড়া দেয়, নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। তাই তিনি যাই লিখেন তা আলোচিত হয়।
 
তার লেখনী নিয়ে প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন, "ইমন–আমি তোমার লেখার নিবিড় পাঠক ও পর্যবেক্ষক। তুমি এদেশের অনেককেই ছাড়িয়ে যেতে পারবে খুব অল্প সময়েই, অল্প বয়সেই–সেটা সম্ভব শুধু তোমার চিন্তার বিচক্ষণতার জন্য। মনে রাখবে, একজন প্রতিশ্রুতিশীল লেখকের কখনও মৃত্যু হয় না। তোমার মধ্যে সে প্রতিশ্রুতিশীল লেখকের গুণটি আমি দেখছি। তোমার জন্য আমার অনুরাগ, ভালোবাসা ও শুভকামনা।"
 
ইমরান ইমনকে নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরীর পর্যবেক্ষণ সত্য হয়েছে। লেখালেখিতে তিনি তার সময়কালকে ছাড়িয়ে গেছেন।‌ তার লেখা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের সরকারি চাকরি পরীক্ষা বিসিএসে রেফারেন্স আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। টিভি টকশোতেও তার লেখা আলোচিত হয়।‌দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের "ক্যাম্পাস হিরো" হয়েছেন, অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটি‌তে তার লেখা আর্টিকেল আর্কাইভ হয়েছে, দক্ষিণ এশিয়ার সেরা লেখকের তালিকায় যুক্ত করেছেন নিজের নাম, সবচেয়ে কমবয়সী হিসেবে 'সেরা কলামিস্ট' হওয়ারও গৌরব অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ফরেইন পলিসি ম্যাগাজিন তাকে "প্রভাবশালী রিজিওনাল ভয়েস" হিসেবে অভিহিত করেছে।
 
বয়সে দুই যুগের সমান হলেও নিজের যোগ্যতা ও অর্জনে ইমরান ইমন অতিক্রম করেছেন বহু যুগ। তারুণ্যের শক্তিতে আকর এক বর্ণাঢ্য‌ ও সম্ভাবনাময় জীবন তার।‌ যে জীবন প্রজন্মের জন্য প্রেরণার প্রতীক। তার জন্য আমাদের শুভকামনা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন