https://www.prothomalony.com/
8134
north-america
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৪ ০৮:৪০
হার্টফোর্ড শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে দুই ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ জানুয়ারী রোববার সকালে ওই দুই শিক্ষার্থীকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। এই দুই শিক্ষার্থীর একজন তেলেঙ্গানা থেকে, আর অন্যজন অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য এসেছেন। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী গাট্টু দীনেশ, তিনি তেলেঙ্গানার ওয়ানাপার্থি গ্রামের বাসিন্দা ছিলেন। অপরজন ২১ বছর বয়সী নীকেশ অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের বাসিন্দা। ইউনিভার্সিটি অফ স্যাকরেড হার্টে কম্পিউটার সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষার জন্য মাত্র ১৮ দিন আগে গত ২৮ ডিসেম্বর তারা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ১৫ জানুয়ারী সোমবার তাদের পরিবারের এক সদস্য এসব তথ্য জানিয়েছেন।
দীনেশের মামা স্থানীয় প্রতিবেদকদের জানিয়েছেন, পরিবারের লোকজনের কাছে আমেরিকা থেকে পুলিশ ফোন করে জানিয়েছে দুজনের দেহ পাওয়া গিয়েছে ঘরের মধ্যে। দীনেশের মামা সাইনাথ জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ১৩ জানুয়ারী শনিবার রাতে তারা দুজনেই ডিনার শেষ করে অ্যাপার্টমেন্টে ফিরে এসেছিলেন। এরপর তারা শুতে যান। পরের দিন তাদের বন্ধুরা ওই বাড়িতে এসে তাদের ডাকাডাকি করতে শুরু করেন। কিন্তু কোনও সাড়া মেলেনি। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তাদের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কার্বন মনোক্সাইডে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তারা দরজা, জানালা বন্ধ করে ঘুমিয়েছিলেন। ঘরে হিটার চলছিলো। প্রচন্ড ঠান্ডার জেরেই তারা ঘরে হিটার চালিয়ে ঘুমিয়েছিলেন। কিন্তু সম্ভবত ঘরের ভেতর কার্বন মনোক্সাইড পূর্ণ হয়ে গিয়েছিল। তার জেরেই ঘুমের মধ্যে তাদের দমবন্ধ হয়ে যায়। তাদের ময়নাতদন্ত না করা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। তাদের পরিবার সূত্র জানা গেছে মৃতদেহ ভারতপ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সবরকম চেষ্টা করা হচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন