https://www.prothomalony.com/
8084
north-america
যুক্তরাষ্ট্রের এ বছরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ালেন নিউজার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি। রিপাবলিকান দলের এগিয়ে থাকা প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে নির্বাচনি প্রচারণায় আলোচিত হয়ে উঠেছিলেন। প্রার্থিতার দৌড় থেকে ক্রিস্টির সরে যাওয়ায় অন্য প্রার্থী সাবেক গভর্নর নিকি হ্যালি সুবধা পাবেন বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করার জন্য দলীয় প্রাইমারি শুরু হয়ে গেছে। আইওয়া রাজ্যে রিপাবলিকান ককাস অনুষ্ঠিত হওয়ার কথা আসছে ১৫ জানুয়ারি। এর মাত্র দিন কয়েক আগে ক্রিস ক্রিস্টি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন।
১০ জানুয়ারি বুধবার নিউ হ্যাম্পশায়ারের এক টাউন হল সভায় দেয়া ক্রিস ক্রিস্টি নির্বাচন থেকে তাঁর সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের অধীনে রিপাবলিকান দলে বিরাজমান ঘৃণা, বিদ্বেষ আর স্বার্থপরতার বিরুদ্ধে কথা বলাই তাঁর একমাত্র লক্ষ্য কখনো ছিল না।ক্রিস্টি বলেন, আমি আগেই জানিয়েছি যে যখন টের পাওয়া যাবে আমার পক্ষে নির্বাচনে প্রার্থিতার লক্ষ্য অর্জন করা সম্ভব নয়, তখনই আমি সরে দাঁড়াবো। তিনি বলেন, আজ মনে হচ্ছে প্রার্থিতার দৌড়ে জয়ের জন্য স্পষ্ট কোন পথ আমি দেখতে পাচ্ছি না। ফলে নির্বাচনি প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নেয়ার ঘোষণা প্রদান করেন তিনি।
নিজে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেও কোন প্রার্থীর প্রতি সমর্থন জানানোর কথা বলেননি ক্রিস ক্রিস্টি। ২০১৬ সালের নির্বাচনেও প্রার্থীতায় নেমেছিলেন নিউজার্সি রাজ্যের সাবেক এ জনপ্রিয় গভর্নর। প্রচারণার মাঝপথে সরে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানানো হেভিওয়েট প্রার্থী ছিলেন ক্রিস ক্রিস্টি। যদিও ট্রাম্পের সাথে তাঁর চরম বৈরিতা শুরু হয় ২০২০ সালের দিকে। এবারের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হলে ক্রিস ক্রিস্টিও নিজের প্রার্থীতা ঘোষণা করেন। প্রচারণায় এ পর্যন্ত ট্রাম্পের কঠোর সমালোচনা করে আসছিলেন ক্রিস ক্রিস্টি।
রিপাবলিকান দলে এখনও ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত দুই সপ্তাহে জরিপে দেখা গেছে জনপ্রিয়তায় অন্যতম প্রার্থী নিকি হ্যালি বেশ এগিয়েছেন। ট্রাম্প ও নিকি হ্যালির মধ্যে ব্যবধান এখন ৮ শতাংশের কাছাকাছি। নিকি হ্যালির সমর্থকরা ক্রিস ক্রিস্টির প্রতি আহ্বান জানিয়েছিলেন, ট্র্যাপকে টেকাতে হলে ক্রিস্টি যেন প্রার্থীতা থেকে সরে দাঁড়ান। ক্রিস্টি সরে দাঁড়ালেও নিকি হ্যালিকে তিনি সমর্থন জানাননি। অনেকেই মনে করছেন, দলের মধ্যে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে নিকি হ্যালিকে দেখা যেতে পারে। এসব বিবেচনায় ক্রিস ক্রিস্টি কোন প্রার্থীকে সমর্থনে সময় নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন