https://www.prothomalony.com/
8060
north-america
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৪ ০৫:১৪
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন 'রাইট টু ফ্রিডম' ৭ জানুয়ারি নির্বাচনের জের ধরে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক এবং বস্তুগত সমর্থন স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম' রাইট টু ফ্রিডম' নামের সংস্থার প্রেসিডেন্ট। তাঁর স্বাক্ষরে ৯ জানুয়ারি মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশে অনুষ্ঠিত ৭ জানুয়ারি নির্বাচন সম্পর্কে 'রাইট টু ফ্রিডম' এর দেয়া বিবৃতিতে বলা হয়েছে, " বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা ২৯ ডিসেম্বরের বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছিলাম। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ বা সুষ্ঠু বলা যায় না বলে উল্লেখ করেছে।"
বিবৃতিতে বলা হয়, 'এই নির্বাচন দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন করে না।' জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ বাংলাদেশের নির্বাচন কমিশনের উল্টো দাবি সত্ত্বেও বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সাবেক মার্কিন দূত মাইলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, 'অংশগ্রহণহীন এই নির্বাচন বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করবে না। এটা মাথায় রেখে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানাই।' যে দেশগুলো এই নির্বাচনকে 'মুক্ত নয়' হিসেবে দেখছে তারাও একই কাজ করবে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
বাংলাদেশ সরকার কাঙ্ক্ষিত পদক্ষেপ গ্রহণ না করলে; যে-সব দেশ বাংলাদেশে 'মুক্ত নির্বাচন' অনুষ্ঠিত হয়নি বলে মনে করে, সেই সরকারগুলিকে বাংলাদেশের প্রতি কূটনৈতিক এবং বস্তুগত সমর্থন স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
'রাইট টু ফ্রিডম' জনগণের স্বাধীনতার অধিকারকে সমর্থন করে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সংগঠনটি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা খর্বকারীদের জবাবদিহিতার প্লাটফর্ম বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন