https://www.prothomalony.com/

7869

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ ০৮:১২

বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা ২৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সভার কার্যক্রম শুরু করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ জসিম। এরপর  দোয়া পরিচালনা করেন সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও গঠনতন্ত্র সংশোধন কমিটির চেয়ারম্যান একেএম ফজলে রাব্বী। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ার পর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া। এরপরে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন।

বাংলাদেশ সোসাইটির সাধারণ সভায় জানানো হয় কমিউনিটির পরিসর বৃদ্ধির কারণে মানুষের কবরের প্রয়োজনীয়তাও বাড়ছে। ফলে সোসাইটির পক্ষ থেকে আরো ৫০০ কবর ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। সভায় আরো জানানো হয় যে, সোসাইটি ভবন রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সিটি কর্তৃক বিভিন্ন ভায়োলেশন দূর করার জন্য বিপুল পরিমান অর্থ ব্যয় করতে হয়েছে। ভবন ক্রয়ের পর থেকেই অর্থাৎ ১৯৯৩ সাল থেকে এসব ভায়োলেশন বর্তমান কার্যকরী পরিষদকে দূর করে ঠিক করতে হচ্ছে। এব্যাপারে এ পর্যন্ত আনুমানিক ১৮ হাজার ২৫০ ডলার ইতিমধ্যেই ব্যয় করা হয়েছে। এছাড়াও এটর্নী নিয়োগ করে আন্যান্য ভায়োলেশনের সিভিল পেলান্টি মওকুফের চেষ্টা চলছে। বর্তমানে বিভিন্ন ভায়োলেশনের পরিমান ৮০ হাজার ডলারের বেশী।

সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া তার বক্তব্যে সোসাইটির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং সোসাইটি ভবন ঋণমুক্ত হয়ে নিজস্ব ভবনে পরিণত হয়েছে এবং সোসাইটির দোকান ভাড়া থেকে আয় হচ্ছে বলে জানান। তিনি সোসাইটিকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী দিনে সোসাইটিতে আরো যোগ্য নেতৃত্ব আসবে বলেও প্রত্যাশা করেন। এছাড়াও তিনি সোসাইটির পক্ষ থেকে আরো কবর ক্রয়ের উপর গুরুত্বারোপ করেন।

এরপর সহ সভাপতি ফারুক চৌধুরী বক্তব্য রাখার পর সাধারণ সম্পাদক তার রিপোর্ট পেশ করেন। রিপোর্ট দুইটির উপর উপস্থিত সদস্যরা আলোচনায় অংশ নেন এবং পরবর্তীতে তা অনুমোদন করা হয়। 

সভায় ট্রাষ্টিবোর্ডের সদস্য, কার্যকরী পরিষদের কর্মকর্তা, আজীবন সদস্য সহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন