https://www.prothomalony.com/

7504

north-america

উত্তর আমেরিকা

কংগ্রেসের সদস্য পদ হারালেন জর্জ সান্তোস

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ ০৯:৩১

মার্কিন কংগ্রেসে রিপাবলিকান সদস্য জর্জ সান্তোসের কংগ্রেস সদস্যপদ বাতিল করা হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটে সদস্যপদ হারিয়েছেন তিনি।

নিউইয়র্ক থেকে নির্বাচিত সান্তোসকে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন সদস্য। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ১১৪ জন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ষষ্ঠ ব্যক্তি এবং গত ২০ বছরে প্রথম হিসেবে কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন সান্তোস।

সান্তোস নির্বাচনী প্রচারের জন্য সংগৃহীত তহবিলের অর্থ নিজের জন্য ব্যবহার করেছিলেন। তদন্তে বেরইয়ে এসেছে  সান্তোস কীভাবে ভ্রমণ, সৌন্দর্য বৃদ্ধির চিকিৎসা ও বিলাসী পণ্য কেনায় এসব অর্থ ব্যয় করেছিলেন। এর আগেও একবার সান্তোসকে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছিল। তবে সেবার ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় রক্ষা পেয়েছিলেন তিনি।

শুক্রবারের ভোটাভুটিতে হাউসে সান্তোসের নিজ দল রিপাবলিকান পার্টির শীর্ষ চার নেতাসহ ১১২ জন সদস্য তাঁকে রাখার পক্ষে ভোট দিলেও শেষ রক্ষা হয়নি। সান্তোসকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির ১০৫ জন সদস্য। এর সঙ্গে ডেমোক্রেটিক পার্টির ২০৬ ভোট মিলিয়ে প্রস্তাবের পক্ষে দুই–তৃতীয়াংশ ভোট পড়েছে।
গত মে মাসে প্রতারণা, সরকারি তহবিল তছরুপ, মুদ্রা পাচার এবং কংগ্রেসে মিথ্যা বক্তব্য দেওয়াসহ ১৩টি অভিযোগে সান্তোসকে অভিযুক্ত করেন আদালত। এরপর অক্টোবরে তাঁর বিরুদ্ধে আরও ১০টি অভিযোগ তোলা হয় আদালতে। এসব অভিযোগে আগামী বছর তাঁর বিচারপ্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন