https://www.prothomalony.com/

7486

north-america

উত্তর আমেরিকা

আলোচিত সমালোচিত হেনরি কিসিঞ্জার ১০০ বছর বয়সে মারা গেলেন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩ ০৯:২৫

বিরোধীদের কাছে 'যুদ্ধবাজ' হিসেবে ঘৃণিত যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ১০০ বছর বয়সে মারা গেছেন।

স্থানীয় সময় ২৯ নভেম্বর বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, কানেটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে মারা যান তিনি।

১৯২৩ সালের ২৭ মে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম কিসিঞ্জারের। পরে তাঁর পরিবার পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। ওই শহরেই বেড়ে ওঠেন কিসিঞ্জার। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত পররাষ্ট্রনীতিবিষয়ক ব্যক্তি কিসিঞ্জার তরুণ বয়সে জার্মানির নাৎসি বাহিনীর হাত থেকে প্রাণে বেঁচে যান। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। অনেকেই কিসিঞ্জারের নানা বিতর্কিত ভূমিকার জন্য তাঁকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিযুক্ত করে থাকেন।

এতে আরও বলা হয়, ১৯৭০ এর দশকে মার্কিন পররাষ্ট্রনীতির অপর নাম ছিল 'হেনরি কিসিঞ্জার'। ভিয়েতনাম যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ায় তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। সমালোচকরা বলেন, কিসিঞ্জার মূলত ভিয়েতনামে মার্কিন বাহিনীর পরাজয় ঠেকাতে যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছিলেন।

কম্বোডিয়া ও লাওসে ভিয়েতনাম যুদ্ধের সম্প্রসারণ, চিলি ও আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানে সমর্থন, ১৯৭৫ সালে পূর্ব তিমুরে ইন্দোনেশিয়ার রক্তক্ষয়ী অভিযানের পক্ষে অবস্থান নেওয়া এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ব্যাপক নৃশংসতার বিষয়ে চোখ বন্ধ রাখা—এসব অভিযোগ রয়েছে কিসিঞ্জারের বিরুদ্ধে।

তবে বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ-সংঘাতের ‘কারিগর’ কিসিঞ্জারকে কখনো সেভাবে বিচারের মুখোমুখি হতে হয়নি। আর এ নিয়ে বহু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন