https://www.prothomalony.com/

7442

north-america

উত্তর আমেরিকা

বার্লিংটনে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন কলেজ শিক্ষার্থীকে গুলি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ ০২:৫৭

ভারমন্ট অঙ্গরাজ্যের বার্লিংটনে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন কলেজ শিক্ষার্থী গুলিতে আহত হয়েছেন। ২৫ নভেম্বর  শনিবার সন্ধ্যায় ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কাছের সড়কে এই গুলির ঘটনা ঘটে।

বার্লিংটন পুলিশ জানিয়েছে, পিস্তল নিয়ে এক ব্যক্তি তিন কলেজশিক্ষার্থীকে গুলি করেন। তারপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রধারীকে ২৬ নভেম্বর রোববার পর্যন্ত ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও ফেডারেল এজেন্ট তাকে খোঁজছে।

কর্তৃপক্ষ বলছে, এই গুলির ঘটনাকে একটি ঘৃণাপ্রণোদিত অপরাধ হিসেবে সন্দেহ করছেন তদন্তকারীরা। গুলিতে আহত তিন শিক্ষার্থী হলেন হিশাম আওয়ারতানি, কিন্নান আবদেল হামিদ ও তাহসিন আহমেদ। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের আঘাত গুরুতর।

পুলিশ জানিয়েছে, গুলিতে আহত তিন শিক্ষার্থীর মধ্যে দুজন মার্কিন নাগরিক। অপরজন যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা। তাদের সবার বয়সই ২০ বছর।  পুলিশের তথ্যমতে, হামলাকালে ভুক্তভোগী দুই শিক্ষার্থী সাদা-কালো রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়্যাহ পরে ছিলেন।

ফিলিস্তিনপন্থী অলাভজনক সংস্থা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং জানিয়েছে, হামলাকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা আরবি ভাষায় কথা বলছিলেন বলে জানা গেছে। হামলাকারী কোনো কথাবার্তা ছাড়াই তিন শিক্ষার্থীকে নিশানা করে চারটি গুলি করেন। পরে তিনি চিৎকার করতে শুরু করেন। শিক্ষার্থীদের হয়রানি করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন