https://www.prothomalony.com/
7415
north-america
প্রতিনিয়ত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) - এর ব্যবহার। পৃথিবীর বিভিন্ন পেশাদার ক্ষেত্রগুলির পাশাপাশি এবার শরীরে রোগ নির্ণয়ও করবে এই প্রযুক্তি।
সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা টাইপ ২ ডায়াবেটিস শনাক্ত করতে পারে। কন্ঠ শুনেই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মাত্র ১০ সেকেন্ডে যেকোন ব্যক্তির শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে কি না তা নির্ণয় করা সম্ভব।
সম্প্রতি আমেরিকান স্বাস্থ্য সংস্থা মায়ো ক্লিনিক এ গবেষণাটি করেছে। গবেষণা পর্যবেক্ষণে দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা যাদের ডায়াবেটিস হয়েছে এবং যাদের ডায়াবেটিস হয়নি, তাদের কণ্ঠ শুনে আলাদাভাবে চিহ্নিত করতে পারে। এমনকি মোবাইলে ধারণ করা কণ্ঠ শুনে কোন ব্যক্তির টাইপ-২ ডায়াবেটিস আছে তা বের করতে পারে।
একদল গবেষক ভারতে মায়ো ক্লিনিকের পৃষ্ঠপোষকতায় ২৬৭ জনের ওপর গবেষণাটি করেছেন। ২০২১ সালের ৩০ আগস্ট থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়েছে।
এ গবেষণায় স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট বাক্য দিনে সর্বোচ্চ ছয়বার করে দুই সপ্তাহ ধরে রেকর্ড করেছেন। মোট ১৮ হাজার ৪৬৪টি রেকর্ডিং ধারণ করা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি রেকর্ডিং থেকে ১৪টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বের করে তা বিশ্লেষণ করে। সেই বিশ্লেষণের মাধ্যমে স্মার্টফোন অ্যাপ্লিকেশনটি টাইপ-২ ডায়াবেটিস আছে বা নেই এমন ব্যক্তিদের মাঝে পার্থক্য বুঝতে পারে।
ফলাফল হিসেবে এআইটি সফলভাবে ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস নারী-পুরুষের মধ্যে পার্থক্য করতে পারছে। এমনকি তাদের বয়স ও ‘বডি ম্যাস’ পর্যবেক্ষণ করে সঠিক পার্থক্য নির্ণয় করছে। মায়োক্লিনিকের ‘ডিজিটাল হেলথ’-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। এর আগে কণ্ঠ বিশ্লেষণ পারকিনসনস, আলঝেইমারস, মানসিক অসুস্থতা, বিষণ্নতা, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ও হৃদরোগসহ বিভিন্ন রোগ শনাক্তে কার্যকর প্রমাণিত হয়েছে। এ ছাড়া এটি সংকুচিত রক্তনালি বা ক্লান্তির লক্ষণ শনাক্ত করতে পারে, যা রোগীর ঝুঁকি কমাতে সাহায্য করে।
এআই টুলটিও তাড়াতাড়ি ডায়াবেটিস রোগী শনাক্তে সাহায্য করতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য বলছে বিশ্বব্যাপী প্রায় ২৪ কোটি প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের অজান্তেই ডায়াবেটিস বয়ে বেড়াচ্ছেন, যার প্রায় ৯০ শতাংশ টাইপ-২ ডায়াবেটিস।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন