https://www.prothomalony.com/
6965
north-america
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, মধ্যপ্রাচ্যে নিযুক্ত কোনো মার্কিন সেনার ওপর হামলা হলে তার বদলা নিতে ওয়াশিংটন প্রস্তুত আছে। ইসরাইল- ফিলিস্তিন সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গত ২২ অক্টোবর রোববার তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।
হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালান। এর জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ইরানের কারসাজিতে এ সংঘাত (ইসরায়েল–ফিলিস্তিন) ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, এমন পরিস্থিতিতে মার্কিন সেনাদের ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে উল্লেখ করে ব্লিঙ্কেন বলেছেন, এর মধ্যে বিমানবাহী রণতরি ব্যবহার করে যুদ্ধ পরিচালনার সক্ষমতাসম্পন্ন অতিরিক্ত দুটি সেনা দলও যুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের জনগণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি। প্রয়োজন হলে আমরা নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দেখাব।’
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন