https://www.prothomalony.com/

6851

north-america

উত্তর আমেরিকা

কিংবদন্তি ইরানি চিত্র নির্মাতাকে সস্ত্রীক হত্যা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ ১১:৩০

ইরানি চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা দারিউশ মেহেরজুই ও তাঁর স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফার তেহরানের পশ্চিমাঞ্চলে তাদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ১৫ অক্টোবর রোববার খুন করা হয়েছে তাদের। পরিচালকের বয়স হয়েছিল ৮৩ বছর। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটা এখনও নিশ্চিত হতে পারেনি স্থানীয় পুলিশ।

সংবাদমাধ্যম ডেডলাইন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত জানিয়েছে, নির্মাতা মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদীফার তেহরানের পশ্চিমে একটি উপশহরে নিজ বাড়িতে ছিলেন। সেখানেই তাদের ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নির্মাতার মেয়ে মোনা মেহেরজুই বাড়িতে বাবাকে দেখতে গেলে সেখানে তাদের মরদেহগুলো দেখতে পান।

নিউজ এজেন্সি আইআরএনএ ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হোসেইন ফাজেলির বরাত জানিয়েছে, মেহেরজুই ও তার স্ত্রীর গলায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় আইনশৃঙ্ক্ষলা বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে। তবে এখনো হত্যার পেছনে কোনো উদ্দেশ্য আবিষ্কার করা সম্ভব হয়নি।

দারিউশ মেহেরজুইয়ের জন্ম ১৯৩৯ সালের ৮ ডিসেম্বর, তেহরানে। তার নির্মিত দ্বিতীয় সিনেমা ‘দ্য কাউ’কে ইরানের নিউ ওয়েব ফিল্ম মুভমেন্টের প্রথম চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হয়। তার নির্মিত উল্লেখযোগ্য আরও কয়েকটি সিনেমা হলো- ‘হামোন’, ‘পারি’, ‘লেইলা’, ‘দ্য সাইকেল’, ‘দ্য পোস্টম্যান’, ‘মিস্টার নেইভ’, ‘সান্তোরি’, ‘টু স্টে অ্যালাইভ’, ‘দ্য পেয়ার ট্রি’, ‘দ্য টেনান্টস’ ইত্যাদি। স্যান সেবাস্টিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন সিশেল, শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার হুগো পুরস্কারসহ দেশ-বিদেশে ৪৯টি পুরস্কার জিতেছেন এই কিংবদন্তি নির্মাতা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন