https://www.prothomalony.com/
6772
north-america
প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য ইসরাইলের ক্রমাগত হামলার বিরুদ্ধে আমেরিকায় যুদ্ধ বিরোধীরা এখন মাঠে। বড় বড় নগরে উদারনৈতিক লোকজন ব্যাপকভাবে প্রতিবাদ বিক্ষোভে ফুঁসে উঠেছে। ৮ অক্টোবর রোববার নিউইয়র্ক সহ সর্বত্র ব্যাপক মিছিল সমাবেশ হয়েছে। প্যালেস্টাইনিদের উপর ইসরাইলের হামলার সমর্থনে মার্কিন রণতরী প্রেরণের প্রতিবাদ জানানো হচ্ছে। নিউইয়র্ক সহ সর্বত্র ইহুদিবহুল এলাকায় এবং তাদের প্রার্থনাস্থলে অতিরিক্ত পুলিশ পাহারা মোতায়েন করা হয়েছে।
ডেমোক্র্যাটিক সোশালিস্ট অফ আমেরিকা নামের নাগরিক সংগঠনের আহ্বানে রোববারে ম্যানহাটনে ব্যাপক বিক্ষোভকারীর সমাবেশ ঘটে। সমাবেশ থেকে প্যালেস্টাইনের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং ইসরাইলের হামলার প্রতিবাদে স্লোগান দেয়া হয়। পুলিশের কড়া উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়েছে, নদী থেকে সমুদ্র পর্যন্ত চলমান লড়াইয়ে প্যালেস্টাইনকে মুক্ত করা হবে।
ম্যানহাটনের ইসরাইল দূতাবাসের কাছেই অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে বলা হয়েছে, প্যালেস্টাইনের আজকের পরিস্থিতির জন্য দায়ী ইসরাইল। বছরের পর বছর প্যালেস্টাইনের মানুষরা নিজ দেশে নির্যাতিত হয়ে আসছে। অবরুদ্ধ এক কারাগারে প্রজন্মের পর প্রজন্মকে কাটিয়ে দিতে হচ্ছে। আর এ দখলদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ সাহায্য পাচ্ছে ইসরাইল। এমন অবস্থার বিরুদ্ধে মার্কিন নাগরিকদের রুখে দাঁড়াতে বিক্ষোভ সমাবেশ থেকে আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে ইসরাইলে আমেরিকান সাহায্য বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভকারীরা বলেছে, মানুষ যখন অবরুদ্ধ হয়, তখন রুখে দাঁড়ানোই একমাত্র বিকল্প থাকে।
এদিকে ইসরাইলের সমর্থনেও কিছু লোক পাশাপশি সমাবেশ শুরু করলে উত্তেজনা দেখা দেয়। পুলিশ কড়া অবস্থান নিয়ে উভয়পক্ষকে বিচ্ছিন্ন করে রাখে। ফলে কোন সংঘর্ষ হয়নি। বিক্ষোভ সমাবেশ থেকে বেশ কিছু গ্রেফতারের ঘটনাও ঘটেছে। যদিও পুলিশের পক্ষ থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি।
এদিকে নিউইয়র্কের রাজ্য গভর্নর ক্যাথি হকুল ইসরাইলের পক্ষে বিবৃতি প্রদান করেছেন। বিবর্তিতে তিনি বলেন, ইসরাইলের নাগরিকরা ভয়ঙ্কর আক্রমণের শিকার হচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন